গণিতে পাসের হার, পদার্থ বিজ্ঞানে কমেছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয় কমেছে। পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র কঠিন হওয়ায় জিপিএ-৫ কমেছে। আর গণিত বিষয়ে জটিল প্রশ্নপত্রের কারণে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর গণিত বিষয়ে পাসের হার ৮৯ দশমিক ৯৯ শতাংশ। আর পদার্থবিজ্ঞান বিষয়ে পাসের হার ৯৭ শতাংশ হলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা অন্য যেকোনো বিষয়ের চেয়ে কম হয়েছে। যে কারণে গোটা বোর্ডের ফলাফলে এ দুটি বিষয় প্রভাব ফেলেছে।

যশোর শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশ। গত বছর ছিল ৯১ দশমিক ৮৫ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৬০ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৪৪৪ জন। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ছেলে ৩ হাজার ৫২৪ জন আর মেয়ে ২ হাজার ৯৩৬ জন।

জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘নির্ভরযোগ্য নম্বর প্রদান কর্মসূচি’র আওতায় এ বছর মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে। এ কর্মসূচির মূল বিষয় ছিল, যার যে নম্বর প্রাপ্ত সে যেন সেই নম্বর পায়। অর্থাৎ পরীক্ষার খাতায় শিক্ষার্থীর যেন যথাযথ মূল্যায়ন হয়। এই মান যাচাই নিশ্চিত করার জন্য খাতা বণ্টনের আগে প্রধান পরীক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বছর খাতা যথাযথ মূল্যায়নের কারণে ফলাফল একটু খারাপ হলেও শিক্ষার গুণগত মান বেড়েছে বলে তিনি দাবি করেন।

মাধব চন্দ্র রুদ্র আরও বলেন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ছেলেমেয়েরা একটু খারাপ করেছে। তবে ফেল করার মতো প্রশ্ন হয়নি। হয়তো ৮০-এর বেশি নম্বর ওঠানো কষ্টকর ছিল। গণিত বিষয়ে পাসের হার সবচেয়ে কম। আর জিপিএ-৫ পদার্থবিজ্ঞান বিষয়ে সবচেয়ে কম।