গণিতে পুনর্নিরীক্ষণে আবেদন ৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফল সন্তোষজনক হয়নি। যার প্রভাব পড়েছে ফলাফলে। বোর্ডের প্রায় ৫ হাজার শিক্ষার্থী গণিত বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় মোট ৮ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। তার মধ্যে ৪ হাজার ৬৮৬ জন আবেদন করেছে গণিত বিষয়ে। ৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী অন্যান্য বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় জানায়, বোর্ডের ৮ হাজার শিক্ষার্থী ২৩ হাজার ৬১৬ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। যার মধ্যে কেবল গণিতে আবেদন পড়েছে ৪ হাজার ৬৮৬ জন। অন্যান্য বিষয়ের মধ্যে বাংলা প্রথম পত্রে ১ হাজার ৩০০ জন, বাংলা দ্বিতীয় পত্রে ১ হাজার ৩৮৬ জন, ইংরেজি প্রথম পত্রে ১ হাজার ১১৬ জন, ইংরেজি দ্বিতীয় পত্রে ১ হাজার ৩১৯ জন, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় ১ হাজার ৩১৭ জন, হিন্দু ধর্মে ১৩৩ জন, ভূগোলে ৪৯২ জন, উচ্চতর গণিত ২৬৫ জন, সাধারণ বিজ্ঞানে ৫২৯ জন, কৃষি শিক্ষায় ৫২১ জন, পদার্থবিদ্যায় ১ হাজার ৮৭০ জন, জীববিজ্ঞানে ১ হাজার ১০৭ জন, রসায়নে ১ হাজার ৭০২ জন, পৌরনীতিতে ২৫০ জন, অর্থনীতিতে ৯৯ জন, ব্যবসায় শিক্ষায় ৭৫৬ জন, হিসাববিজ্ঞানে ১৬৭ জন, শারীরিক শিক্ষায় ১ হাজার ৫২৭ জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১ হাজার ৫৮১ জন, গার্হস্থ্য বিজ্ঞানে ৪২ জন, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৬৯৬ জন, বাংলাদেশ ও বিশ্বসভ্যতায় ৭৫৩ জন এবং খ্রিষ্ট ধর্মে ২ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বলেন, এ বছর পুনর্নিরীক্ষণের জন্য ২৩ হাজারের বেশি আবেদন পড়েছে। পুনর্নিরীক্ষণের জন্য ১৬০ জন শিক্ষকের তালিকা করা হয়েছে। ২৯ মে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।