গণিতে ফল সন্তোষজনক নয়, কমেছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গতকাল ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। ছবিটি দুপুরে বিদ্যালয় চত্বর থেকে তোলা l প্রথম আলো
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গতকাল ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে। ছবিটি দুপুরে বিদ্যালয় চত্বর থেকে তোলা l প্রথম আলো

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হার কমেছে। কমেছে জিপিএ-৫-এর সংখ্যাও। শিক্ষা বোর্ডের দাবি, গণিতে মানসম্পন্ন শিক্ষক না থাকায় ফলাফলে প্রভাব পড়েছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৬ সালে বোর্ড থেকে ৮১ হাজার ৭২৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ হাজার ৯০২ জন। পাসের হার ৭৯ দশমিক ৪১।
এ বছর ৯৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭২ হাজার ৩৫৮ জন। পাসের হার ৭৭ দশমিক ২৪। গত বছরের চেয়ে ২ দশমিক ১৭ শতাংশ কম শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১১৩ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। গত বছরের তুলনায় ৮২৫ জন জিপিএ-৫ কম পেয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগ সূত্র জানায়, গণিতে তিন বছর ধরে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। গণিতের শিক্ষকদের সৃজনশীল বিষয়ে মাত্র তিন দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়; যা এই বিষয়ের জন্য যথেষ্ট নয়। যার প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলে। গণিতে সৃজনশীল পদ্ধতিতে যাওয়ার আগে ২০১৪ সালে বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ। ২০১৫ সালে পাসের হার দাঁড়ায় ৮৪ দশমিক ৩৭ শতাংশ, ২০১৬ সালে পাসের হার ৭৯ দশমিক ৪১ শতাংশ এবং ২০১৭ সালে এই হার নেমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪ শতাংশে। গণিতে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার পর থেকে এই হার কমতে থাকে। এ সমস্যা থেকে উত্তরণের উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের এ বছর উত্তরপত্র মূল্যায়ন করে দেখা গেছে, অপেক্ষাকৃত গণিতে শিক্ষার্থীরা সন্তোষজনক ফল অর্জন করতে পারেনি। শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিতের মানসম্পন্ন শিক্ষক রয়েছে। কিন্তু গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত শিক্ষকের সংকট প্রকট। সন্তোষজনক ফল না হওয়ার জন্য দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত গণিত শিক্ষকের অভাব অনেকটা দায়ী। সামগ্রিকভাবে যার প্রভাব পড়েছে ফলাফলে। এখান থেকে উত্তরণের চেষ্টা চলছে।