গণিতে মজল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে গতকাল গণিত উত্সবে হাত উঁচিয়ে মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলার শপথ নেয় শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
বরিশালে গতকাল গণিত উত্সবে হাত উঁচিয়ে মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলার শপথ নেয় শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

আরও আটটি অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে ১৭ জানুয়ারি শুরু হওয়া এই উৎসবের দ্বিতীয় দিনে গতকাল সকালে গণিতের মজা লুটে নিতে মেতে উঠেছিল এসব অঞ্চলের শিক্ষার্থীরা। অঞ্চলগুলো হলো দিনাজপুর, বগুড়া, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জ। এর আগে ১৭ জানুয়ারি আটটি অঞ্চলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসবের আয়োজক হলো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। উৎসবের পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রথম আলো। উৎসব আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।
প্রতিটি অঞ্চলেই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। উৎসবে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার পাশাপাশি ছিল কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। অলিম্পিয়াডে সব অঞ্চলের বিজয়ীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গণিত উৎসবের উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন। উৎসবের শুরুতে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারসিম মান্নান মোহামঞ্চদী এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আকতার। উৎসবে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—চারটি বিভাগে দিনাজপুরের ১৩টি উপজেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

মনে নানা প্রশ্ন। অতিথি ও বিচারকদের    কাছে গণিত নিয়ে প্রশ্ন করছে খুলনার       এক শিক্ষার্থী। ছবি: প্রথম আলো
মনে নানা প্রশ্ন। অতিথি ও বিচারকদের কাছে গণিত নিয়ে প্রশ্ন করছে খুলনার এক শিক্ষার্থী। ছবি: প্রথম আলো

বগুড়ায় শিক্ষার্থীদের নানা জটিল প্রশ্নের উত্তর দিতে না পেরে শিক্ষকেরা কান ধরে অপারগতা প্রকাশ করলে তুমুল হাসির রোল ওঠে। করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বিয়াম মডেল স্কুল ও কলেজের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস জাতীয় পতাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. হাসিবুল আলম জাতীয় গণিত অলিম্পিয়াডের এবং বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
বরিশালে আঞ্চলিক উৎসবের আসর বসে বরিশাল মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে। উৎসব উদ্বোধন করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. মাসুদ রানা। বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদ হাসান ও ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হুমায়ুন।
সিলেট নগরের মীরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দাশ। এর আগে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দাশ, ডাচ্-বাংলা ব্যাংক সিলেটের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবীর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। উৎসবে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।
কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্রিটেনিয়া ইউনিভার্সিটির উপাচার্য গণিতবিদ মো. আবদুস সাত্তার ও ডাচ্-বাংলা ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। উৎসবে অংশ নেয় কুমিল্লা ও চাঁদপুর জেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬০ জন শিক্ষার্থী।

নারায়ণগঞ্জে অতিথির সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা | প্রথম আলো
নারায়ণগঞ্জে অতিথির সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা | প্রথম আলো

চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুলমাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা ওড়ান স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আনিস ফারুক। বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা ওড়ান প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও ডাচ্-বাংলা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আখতার।
খুলনা নগরের সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহমঞ্চদ আলমগীর। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শুধু দেশে নয়, গণিত নিয়ে বিদেশের মাটিতে দেশের জন্য সুনাম বয়ে এনেছে।’ অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ চত্বরে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কান্তি সাহা। উৎসবে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৮০ শিক্ষার্থী অংশ নেয়। বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির গণিত বিভাগের অধ্যক্ষ লুৎফর জামানসহ শাহাদাৎ হোসেন খান, বন্ধুসভার সভাপতি আহসান সাদিক। উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক উত্তম কুমার প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে হাসি-আনন্দে মেতে ওঠে খুদে শিক্ষার্থীরা।
আজ শনিবারের অনুষ্ঠান
আজ পাঁচটি অঞ্চলে অনুষ্ঠান হবে। ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা ও কলেজে অংশ নেবে পঞ্চগড় ও ঠাকুরগাঁও। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজে অনুষ্ঠানে অংশ নেবে পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানে অংশ নেবে বরগুনা ও পটুয়াখালী। ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) শুধু ভোলা এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অংশ নেবে শুধু কক্সবাজারের শিক্ষার্থীরা।