গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ
নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল শনিবার কক্সবাজার শহরের কয়েকটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল সকালে কক্সবাজার কেজি স্কুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নবম শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জড়ো হয়। এরপর তারা এই পদ্ধতি বাতিলের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে এসে শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেয় নবম শ্রেণীর ছাত্র শাহেদ আলম, সোহাগ, এরফানুর রহিম ও সানজিদা খানম।
সমাবেশে শিক্ষার্থীরা বলে, প্রথম সাময়িক পরীক্ষায় জেলার ২ শতাংশ শিক্ষার্থীও গণিতে পাস করতে পারেনি। বার্ষিক পরীক্ষাতেও এ রকম হতে পারে বলে তারা আশঙ্কা করছে। তাই তারা বাধ্য হয়ে এই পদ্ধতি বাতিলের দাবিতে মাঠে নেমেছে। শিক্ষার্থীরা বলছে, সপ্তম ও অষ্টম শ্রেণীর গণিতে যদি সৃজনশীল পদ্ধতি চালু করা হতো, তাহলে এই সমস্যা দেখা দিত না। নবম শ্রেণীতে হঠাৎ গণিতে সৃজনশীল চাপিয়ে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আজ রোববার আবারও বিক্ষোভ শেষে গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, গণিতে সৃজনশীল বোঝেন—জেলার ৯৫ শতাংশ স্কুলে এমন শিক্ষকের সংকট রয়েছে। তিনি বলেন, গণিত শিক্ষকদের সৃজনশীল নিয়ে আগেভাগে প্রশিক্ষণ দেওয়া হলে এই সমস্যা দেখা দিত না। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে হিসাবে নবম শ্রেণী থেকে পদ্ধতিটি চালু হয়েছে।