গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের জামাল খান প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আয়োজন করে।
শিক্ষা মন্ত্রণালয় ২০১৫ সালের এসএসসি এবং ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষায় গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে নবম শ্রেণী থেকে পদ্ধতিটি চালু করেছে।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাব তুলে ধরে। তাদের মতে, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া এভাবে নতুন একটি পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে এর কোনো সুফল পাওয়া যাবে না। পরীক্ষায় ভালো ফলাফল করাও সম্ভব হবে না। এতে বক্তব্য দেন রাকিব হাসান, মাহমুদল্লাহ, নাহিদ হাসান, মো. মর্তুজা আলী প্রমুখ। মো. ইশতিয়াক নামের এক শিক্ষার্থী বলে, ‘আমাদের এর আগে সৃজনশীল পদ্ধতি সম্পর্কে কোনো ধারণাই দেওয়া হয়নি। ষষ্ঠ-সপ্তম শ্রেণীতে এ বিষয়ে পড়ানোও হয়নি। এভাবে হঠাৎ করে একটি বিষয়ে পড়তে হলে আমরা কী পড়ব আর কী পরীক্ষা দেব।’