বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যখনই (বেতনের সরকারি অংশ) এমপিওভুক্ত করা হোক না কেন, এ বছরের জানুয়ারি থেকেই তা কার্যকর করা হবে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে এবং নিয়ম-নীতি অনুসরণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে। জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ থাকা ১১২ কোটি টাকা যথেষ্ট নয় বলেও জানান শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী আরও বলেন, গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি আপাতত চালু হচ্ছে না। এ বছর অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।শিক্ষামন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে বই বিতরণে কিছু সমস্যা হলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। দেশের সব শিক্ষার্থী ইতিমধ্যে বই পেয়ে গেছে বলে তিনি জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ করা সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে কলেজের যেসব প্রভাষকের চাকরি আট বছর হয়েছে, তাঁদের বেতন বাড়ানো, কলেজে নতুন সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি করা, ডিগ্রি কলেজে ঐচ্ছিক বিষয়ে একটি অতিরিক্ত পদ সৃষ্টি ইত্যাদি।শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।