রংপুর, দিনাজপুর, বগুড়া, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন

প্রতিবছর ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে থেকেই সারা দেশের শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে গণিত উৎসবের আমেজ শুরু হয়ে যায়। ফোন করেই ‘উৎসব কবে হবে?’, ‘আমাদের জন্য একটা ফরম রাখবেন কিন্তু!’ এ ধরনের কথাবার্তা চলতে থাকে। গত ১৮ ডিসেম্বর থেকে এবারের ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ১৪তম আঞ্চলিক পর্ব রাজশাহী, সিলেট, বগুড়া অঞ্চলের মধ্য দিয়ে শুরু হয়েছে। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর, কুষ্টিয়া, মৌলভীবাজার, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোরসহ মোট নয়টি অঞ্চলে গণিত উৎসবের প্রাণবন্ত আসর বসে। এবারের উৎসবের অঙ্গীকার হলো ‘গণিতের মাধ্যমে জয় করতে হবে পৃথিবীকে’। শিক্ষার্থীদের কারও কারও প্রথমবার, আবার কারও কয়েকবার অংশগ্রহণ। সবার চোখে-মুখেই গণিতের মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন। তাই হয়তো কুয়াশায় মোড়ানো শীতের সকালগুলোও উত্তপ্ত হয়ে ওঠে খুদে গণিতবিদদের প্রাণোচ্ছল উপস্থিতিতে।

কখন হবে শুরু
সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকদের পদচারেণ মুখরিত হয় ভেন্যু প্রাঙ্গণ। ‘কখন শুরু হবে পরীক্ষা?’—কিছুক্ষণ পরপরই শিক্ষার্থী-অভিভাবকদের এমন প্রশ্ন। তাদের কারও কারও কাছ থেকেই মজার উত্তর চলে আসে। সমস্বরে কেউ কেউ বলে ওঠে, ‘আজ তো পরীক্ষা নয়, আজ উৎসব।’ শুনেই চোখ বড় বড় করে ছোটাছুটি। পরে সারা দিনের নানা ব্যস্ততায় ওরা টের পায়, আসলেই তো এটা উৎসব, পরীক্ষা নয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। সবার সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে গাইতে উৎসবে আগত অতিথিরা জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। উপস্থিত সবার কণ্ঠে জাতীয় সংগীত ধ্বনিত হওয়ার মুহূর্তে সবার চোখেই ভেসে ওঠে ৫৬ হাজার বর্গমাইলের প্রিয় বাংলাদেশের ছবি।
চিন্তা নামের খেলা
বেলুন উড়িয়ে উদ্বোধনের পরপরই শুরু হয় সোয়া ঘণ্টার পরীক্ষা পরীক্ষা খেলা। খেলতে খেলতে খুদে গণিতবিদেরা চিন্তামগ্ন হয়। কপালের চামড়া ভাঁজ খায়। মনে মনে শুধু ‘ধুৎ, মিলছে না ক্যান’ ভাব। আস্ত অঙ্কটাই কেটে দিয়ে আবার নতুন করে শুরু। হাতে ভর করা মাথায় বুদ্ধি ঢোকে। মিলে যাক আর না-ই যাক, পুরো অঙ্কটা মনের মতো করে শেষ করা যায়। আবার খুশি খুশি হয় চোখ দুটি।
১০মিনিটের ‘বন্ধুতাপর্ব’
অনুষ্ঠিত হয় ১০ মিনিটের ‘বন্ধুতা পর্ব’। এ পর্বে একে অন্যের সঙ্গে পরিচিত হয়। সারি বেঁধে গজিয়ে ওঠা স্টলগুলোতে িভড় জমায়। নানা ধরনের গণিতের বই কেনে। শিক্ষার্থী একটা বই কিনতে চাইলেও অভিভাবকেরা অতিরিক্ত আরও কিনতে চান। আবার কেউ কেউ প্রিয় স্যার বা লেখকদের অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়ে। চলতে থাকে প্রিয় শিক্ষকদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সেলফি তোলা। তৈরি হয় নতুন বন্ধুত্ব।

প্রশ্নরা সব মাথায় ঘোরে
এরপর বন্ধুসভার সাংস্কৃতিক দল ‘আয় আয় আয় গণিতের আঙিনায়’ শীর্ষক গণিত উৎসবের গান পরিবেশনের মাধ্যমে প্যান্ডেলে সবাইকে স্বাগত জানায়। শুরু হয় আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব। তবে কোথাও কোথাও এর আগে থাকে গান কিংবা নাচের আসর। কথায় আছে, ‘সবাই প্রশ্ন করতে জানে না, বুদ্ধিমানেরা প্রশ্ন করেন আর বোকারা তর্ক করেন।’ কিন্তু আমাদের খুদে শিক্ষার্থীরা সুন্দর সুন্দর প্রশ্ন করে প্রমাণ করে যে তারা বুদ্ধিমান। যেমন ‘শূন্যকে জোড় সংখ্যা বলা হয় কেন?’ ‘আকাশের তারা গোনা যায় না কেন?’ ‘সাবানের রং ভিন্ন ভিন্ন হয়, কিন্তু সব ফেনার রং সাদা হয় কেন?’ আবার আরেক প্রান্ত থেকে হাত নাড়িয়ে ১০–১২ জন বলে, ‘আমি আগে আমি আগে’। মাইক্রোফোন দিতেই উচ্ছ্বসিত কণ্ঠে প্রশ্ন আসতে থাকে। ‘রাতের বেলা যখন আমরা চলাচল করি, তখন আকাশের চাঁদ-তারাও কেন আমাদের সঙ্গে সঙ্গে যায়?’, ‘গরমকালে নলকূপের পানি ঠান্ডা ও শীতকালে গরম হয় কেন?’ ‘যখন শূন্য আবিষ্কার হয়নি, তখন মানুষ কীভাবে গণনা করত?’ এমনই মজার মজার প্রশ্নবাণে মঞ্চের শিক্ষকদের জর্জরিত করতে থাকে খুদে গণিতবিদেরা।
সুন্দর প্রশ্নে পুরস্কার
শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের নামকরা গণিতবিশারদেরা। মজার মজার প্রশ্ন করে পুরস্কার জিতে নেয় অনেক শিক্ষার্থী। পুরস্কার হিসেবে ছিল জনপ্রিয় কিশোর মাসিক পত্রিকা ‘কিশোর আলো’ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন ’৭১। পুরস্কার প্রাপ্তির এই সামান্য স্বীকৃতিতেই প্রশ্নকর্তারা মহাখুশি।
গণিতে ও বন্ধুসভা
বন্ধুসভার বন্ধুরাও গণিতের মজায় দিনব্যাপী মজতে থাকেন। পুরো আয়োজনকে উৎসবমুখর করতে তঁাদেরও চলতে থাকে প্রাণান্ত চেষ্টা। উৎসবের ফাঁকে ফাঁকে বন্ধুসভার সাংস্কৃতিক দলের অংশগ্রহণে নাটক, নাচ, মজার মজার গান, কৌতুক ইত্যাদি উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
গুরুজনেরা বলেন
আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কথা বলেন। সিলেটের উৎসবের এক ফাঁকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আখতারুল ইসলাম বলেন, ‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞানী ও গণিতবিদদের সংকট তৈরি হয়েছে। আমরা চাই এই দেশের তরুণেরা সেই অভাব পূরণ করুক।’ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের সকল চিন্তায় গণিত (হিসাবনিকাশ) থাকে। সকাল শুরু হয় গণিত দিয়ে, রাতও শেষ হয় গণিত দিয়ে। বলতে গেলে মৃত্যু পর্যন্ত গণিতের ব্যবহার। এটাকে জয় করতে পারলে সকলের পথচলা সহজ হবে।’ রংপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীমা নূর উদ্বোধন ঘোষণা করে বলেন, নিয়মিত এই আয়োজনের মাধ্যমে গণিত নিয়ে শিক্ষার্থীদের ভয় অনেকটা দূর হয়েছে। এই কৃতিত্ব প্রথমআলো ও ডাচ্–বাংলা ব্যাংকের।

গণিত শেখো, স্বপ্ন দেখো
গণিত উৎসবে গণিতের পাশাপাশি অন্যান্য মানবিক বিষয়েরও চর্চা হয়। মা-বাবার বৃদ্ধ বয়সেও তাঁদের পাশে থাকার শপথ নেওয়া হয়। সর্বোপরি ভালো মানুষ হওয়ার গল্প শোনানো হয়। নয়টি জেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও মিথ্যা, মাদক ও মুখস্থ—এই তিন ‘ম’ থেকে দূরে থাকার শপথ নেয়। এ ছাড়া রুবিকস কিউব প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়।
উৎকণ্ঠা বনাম ফলাফল
একপর্যায়ে শুরু হয় ফলাফল ঘোষণা পর্ব। শিক্ষার্থী-অভিভাবক দুই পক্ষেরই চরম উৎকণ্ঠা। এক দলের মনপ্রাণ আনন্দে নাচতে থাকে। নিজের নাম ডাকার সঙ্গে সঙ্গেই মঞ্চমুখী প্রাণখোলা দৌড়। আবার কেউ কেউ পরেরবার ভালো প্রস্তুতির অঙ্গীকার করে।
দিন দিন গণিত উৎসবের পরিসর বড় হচ্ছে। প্রতিবারই শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অভিভাবকদের উৎসাহ বেড়ে চলছে। আমাদের বিশ্বাস, এই খুদে গণিতবিদেরাই আগামী দিনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। গণিত জয়ের মাধ্যমে পৃথিবীর বুকে উজ্জ্বলভাবে উপস্থাপন করবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে।
নর্মদাদাশ
একনজরে
অঞ্চল: রংপুর
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৪
শিক্ষার্থীর সংখ্যা: ১০০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ১২০
বিজয়ী সংখ্যা: ৬১
অঞ্চল: দিনাজপুর
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৩
শিক্ষার্থীর সংখ্যা: ৮০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৫১
বিজয়ী সংখ্যা: ৫০
অঞ্চল: বগুড়া
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ৩
শিক্ষার্থীর সংখ্যা: ৭২৫
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৪১
বিজয়ী সংখ্যা: ৫০
অঞ্চল: সিলেট
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ২
শিক্ষার্থীর সংখ্যা: ৬০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ২৫
বিজয়ী সংখ্যা: ৪১
অঞ্চল: মৌলভীবাজার
অন্তর্ভুক্ত জেলার সংখ্যা: ২
শিক্ষার্থীর সংখ্যা: ৬০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৩৪
বিজয়ী সংখ্যা: ৪০
অঞ্চল: ব্রাহ্মণবাড়িয়া
অন্তর্ভুক্ত জেলা: ২
শিক্ষার্থীর সংখ্যা: ৭০০
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৪১
বিজয়ী সংখ্যা: ৪০
ছবি তুলেছেন
হাসান রাজা, মঈনুল ইসলাম, সোয়েল রানা ও আনিস মাহমুদ