গণিতেই হবে বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষ মাসের কেবল শুরু। হাড়কাঁপানো কনকনে শীত। হালকা কুয়াশা। তবে তাতে বাধ মানেনি শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটা যখন সাতটার কোঠায়, তখন থেকেই সিলেট নগরের আখালিয়া এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে আসতে শুরু করে তারা। সাড়ে আটটার মধ্যেই ৬০০ শিক্ষার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। শিক্ষার্থীদের কোলাহল আর আনন্দ-উচ্ছ্বাসে মুহূর্তেই মিলনমেলায় রূপ নেয় ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’।

আজ শুক্রবার দিনভর সিলেট ও সুনামগঞ্জ জেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ৬০০ শিক্ষার্থীদের আনন্দঘন উপস্থিতিতে সিলেট আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে খুদে গণিতবিদদের পাশাপাশি দেশসেরা গণিতবিদেরাও উপস্থিত ছিলেন।
সকাল নয়টার দিকে প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাংস্কৃতিক দলের সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক। জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক সিলেট শাখার ডেপুটি ব্যবস্থাপক আবদুল ওয়াহাব। অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে ১০ মিনিটের ‘বন্ধুতা পর্ব’ অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীরা নিজেদের মতো করে একে অন্যের সঙ্গে পরিচিত হয় এবং বই কেনে। এরপর বন্ধুসভার সাংস্কৃতিক দল দলীয়ভাবে ‘আয় আয় আয় গণিতের আঙিনায়’ শীর্ষক গণিতের গান পরিবেশন করে। এরই ফাঁকে দুইবার আন্তর্জাতিক গণিত উৎসবে অংশগ্রহণকারী সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ ই এলাহী তার অভিজ্ঞতা খুদে গণিতবিদদের জানায়।
এরপর উৎসব মঞ্চে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ে নানান প্রশ্ন করে। শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আখতারুল ইসলাম, সাজেদুল করিম, সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সৈয়দ ওমর ফারুক, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী ও সায়মা সুলতানা চৌধুরী। মজার ও গঠনমূলক প্রশ্ন করার জন্য পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ‘কিশোর আলো’ পত্রিকা উপহার দেওয়া হয়।
প্রশ্নোত্তর পর্ব শেষে ‘এক মিনিট বক্তৃতা পর্ব’ অনুষ্ঠিত হয়। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপস্থিত শিক্ষকেরা বক্তব্য দেন। সবশেষে বিজয়ী ৪১ জনের নাম ঘোষণার পাশাপাশি তাদের হাতে মেডেল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
দেশব্যাপী এ গণিত উৎসব এবার চতুর্দশবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবের মাধ্যমে ২০১৬ সালে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করা হবে। এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।