গণিতেই হবে বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের আখালিয়া এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে গণিত উৎসবের একটি পর্বে অতিথিদের প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
সিলেট নগরের আখালিয়া এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে গণিত উৎসবের একটি পর্বে অতিথিদের প্রশ্ন করছে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

শীতের সকালে গতকাল শুক্রবার রাজশাহী, সিলেট ও বগুড়ায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিতের প্রাণবন্ত আসর বসে। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে এবারের উৎসবের অঙ্গীকার হলো ‘গণিতের মাধ্যমে জয় করতে হবে পৃথিবীকে।’
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সকাল নয়টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মকবুল হোসেন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এতে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সুব্রত মজুমদার। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ মকবুল হোসেন। গণিতের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবু মো. আরিফুর রহমান। এ পর্বে অন্যান্যের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেয়। এরপর চলে প্রশ্নোত্তরপর্ব। মুনির হাসানের উপস্থাপনায় এ পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন সুব্রত মজুমদার, ইকবাল মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক কল্যাণ কুমার দে ও নগরের ইউসেপ ছোট বনগ্রাম স্কুলের শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষ থেকে অধ্যক্ষ মকবুল হোসেনের হাতে ভেন্যু স্মারক তুলে দেন সুব্রত মজুমদার। সবশেষে ফলাফল ঘোষণা করা হয়।
সিলেট: নগরের আখালিয়া এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকাল নয়টায় প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাংস্কৃতিক দলের সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক সিলেট শাখার উপব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর পাশাপাশি দেশসেরা গণিতবিদেরাও এতে উপস্থিত হন। অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
শিক্ষার্থীদের পরীক্ষা শেষে অনুষ্ঠিত হয় ১০ মিনিটের ‘বন্ধুতা পর্ব’। এ পর্বে শিক্ষার্থীরা নিজেদের মতো করে প্যান্ডেলের নিচে বসে একে অন্যের সঙ্গে পরিচিত হয় এবং বই কেনে। এরপর বন্ধুসভার সাংস্কৃতিক দল ‘আয় আয় আয় গণিতের আঙিনায়’ শীর্ষক গণিতের গান পরিবেশন করে। দুবার আন্তর্জাতিক গণিত উৎসবে অংশগ্রহণকারী সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ ই এলাহী তার অভিজ্ঞতা খুদে গণিতবিদদের জানায়।
এরপর শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তরপর্ব। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, মো. আখতারুল ইসলাম. মো. সাজেদুল করিম, হিমাদ্রী শেখর চক্রবর্তী, সৈয়দ ওমর ফারুক। মজার ও গঠনমূলক প্রশ্ন করে শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে কিশোর আলো ম্যাগাজিন উপহার পেয়েছে। এরপর ‘এক মিনিট বক্তৃতাপর্ব’ অনুষ্ঠিত হয়। এ পর্বে সঞ্চালনা করেন কামরুজ্জামান কামরুল ও অরুণ কান্তি হাওলাদার। এ সময় ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফয়জুল হকের হাতে আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের পক্ষ থেকে স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অধ্যাপক মো. আখতারুল ইসলাম বলেন, ‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে বিজ্ঞানী ও গণিতবিদের সংকট তৈরি হয়েছে। আমরা চাই এই দেশের তরুণেরা সেই অভাব পূরণ করবে।’
সবশেষে বিজয়ী ৪১ জনের নাম ঘোষণার পাশাপাশি তাদের হাতে পদক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বগুড়া: বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত এ উৎসবে যোগ দিয়েছিল বগুড়া ছাড়াও জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল নয়টায় চর্চা সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘ভীতি কাটিয়ে গণিতকে জয়ের একবুক স্বপ্ন নিয়ে এই উৎসবে এসেছে শিক্ষার্থীরা। সামনে আমাদের অবারিত সম্ভাবনা। প্রথম আলো-ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের গণিত জয়ের স্বপ্ন দেখাচ্ছে। একদিন এই স্বপ্ন সত্যি হবেই।’
পরে ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তরপর্ব। এ পর্বে সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন সরকারি আজিজুল হক কলেজের গণিতের শিক্ষক মাইদুল ইসলাম ও মো. মোরশেদ আলম, মতিউর রহমান, ফারুক আহমেদ, শাজাহান আলী প্রমুখ।
গণিতের গান পরিবেশন করেন চর্চা সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা। শেষে আঞ্চলিক পর্বে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আহমদ ও বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। ডাচ্-বাংলা ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক ফজলুল কবির বলেন, ‘গণিতের বিশ্ব মুকুট জয় করতে পারলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’
দেশব্যাপী এবার চতুর্দশবারের মতো গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবের মাধ্যমে ২০১৬ সালে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করা হবে। এ বছর মোট ২৪টি জেলায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।