গণিতের আমরা, আমাদের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎ​সব ২০১৭–এর শুভসূচনা
বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎ​সব ২০১৭–এর শুভসূচনা

১৫টি আঞ্চলিক উৎসব, ২২ হাজার শিক্ষার্থী। তবুও আমাদের মন একটু খারাপ। ঢাকার উৎসবের দিন শতাধিক খুদে গণিতবিদ এসে হাজির হয়েছিল, যারা ভেবেছিল স্পটে নিবন্ধন করা যাবে! কয়েক জায়গায় শিক্ষার্থীরা মিছিল করেছে যেন তাদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। ব্যথিত চিত্তে আমরা পারিনি। কারণ, আমাদের সেই সামর্থ্য ছিল না। আরও অধিকসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া, উৎসবে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার অবকাঠামো আমাদের নেই। এ কারণে হয়তো এবারের উৎসবগুলোতে আলোচনার মূল িবষয় ছিল অধিকতর শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ। আমার মনে হচ্ছে, ২০০৩ সালে আমরা যে প্রাথমিক পরিকল্পনা করেছিলাম তার পরবর্তী স্তরে যাওয়ার সময় হয়েছে। সামনে থেকে আমাদের গণিত উৎসবের আয়োজনের ব্যাপ্তি হয়তো সব জেলা শহরে ছড়িয়ে দিতে হবে। দুটি উপায় নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হলো ৬৪ জেলায় একটি বাছাই পরীক্ষার আয়োজন করা, যার বিজয়ীরা আঞ্চলিক পর্বে যোগ দেবে। আরেকটি ৬৪ জেলায় উৎসবের আয়োজন করা। আমরা দুটি সম্ভাবনাই খতিয়ে দেখছি। দেখা যাক, কতদূর যেতে পারি আমরা।

অভিভাবক আর আমাদের এই আলোচনাকে বাইরে রেখে যথারীতি আমাদের খুদে গণিতবিদেরা মেতেছিল তাদের আনন্দে। চমৎকার সব আয়োজন ছিল প্রতিটি আঞ্চলিক উৎ​সবে। ছিল গণিত আর বিজ্ঞানের বই কেনার ধুম। বিজয়ীর তালিকায় নিজের নাম শুনে ভোঁ-দৌড় দিয়েছে, পদক গলায় সেলফি তুলেছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, ‘গণিতের ভাষাতে বিশ্ব জয়’ করার। সেই জয়ের লড়াইয়ের চূড়ান্ত পর্বে সহস্রাধিক খুদে গণিতবিদ জাতীয় উৎসবে হাজির হয়েছিল।

এখনই শুরু হবে উৎসব
এখনই শুরু হবে উৎসব

ভোর শেষ, উৎ​সব শুরু

কেউ বাবার হাত ধরে, কেউ মায়ের হাত ধরে উৎ​সব প্রাঙ্গণে হাজির হয়েছে। গেট দিয়ে প্রবেশ করতে ঢোলের অাওয়াজে স্বাগত জানান বাদ্যযন্ত্র শিল্পীরা। উৎ​সব প্রাঙ্গণে থাকা নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন শেষে সবাই লাইনে দাঁড়ায়। সবাই মিলে গায় জাতীয় সংগীত। একই সঙ্গে পতাকা মঞ্চে অতিথিরা তোলেন আমাদের জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা। এরপর সেই পরীক্ষা পর্ব—গণিত অলিম্পিয়াড। প্রাইমারি ২ ঘণ্টা, জুনিয়র ৩ ঘণ্টা, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির ৪ ঘণ্টার পরীক্ষা শুরু হয়। প্রশ্ন হাতে পেয়ে সবাই যে চিন্তার জগতে ডুবে যায়। কেউ হয়তো পেনসিল কামড়ায়, আবার কেউ মাথা চুলকে খুঁজে ফেরে কঠিন কোনো সমস্যার সমাধান। গণিত অলিম্পিয়াডের প্রশ্নগুলো হয় একদম আনকোরা। এর আগে কোথাও এই প্রশ্ন ব্যবহার করা হয়নি। আবার প্রশ্নের ধরনও ক্লাসের বইয়ের থেকে আলাদা। তাই প্রতিটি সমস্যার জন্য মাথা ঘামাতে হয় অনেক।

 নানা আয়োজনে গণিত উৎ​সব

দুই দিনের উৎসবে তারা কেবল গণিতই জয় করেনি, যুক্ত হয়েছিল বহুমাত্রিক আনন্দে। এবারের উৎসবে সিসিমপুর, সাইকেল স্টান্ট ছাড়াও ছিল সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো আসুক নেমে’ নিয়ে একটি বিশেষ গীতিনাট্য। পরিসর বে​েড়ছে রুবিক কিউব প্রতিযোগিতারও। এবার এই প্রতিযোগিতা দুদিন ধরে অনুষ্ঠিত হয়। প্রথম দিন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে বাছাই পর্ব এবং দ্বিতীয় দিন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবার আঞ্চলিক উৎসবগুলোতে আমরা নওরীন হাসান চমকের লেখা ও সুর করা আমাদের উৎসবের গানটির একটি নতুন সুরারোপ করেছি। সেটার একটি নৃত্যরূপও দিয়েছে নিত্য রঙ। দারুণ সেই পরিবেশনা উপভোগ করেছে সবাই।

জাতীয় পতাকা, গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু
জাতীয় পতাকা, গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু

প্রান্তিক অংশগ্রহণের পরিধি বেড়েছে

গণিত উৎসবের বিভিন্ন পর্বে জেলা সদরের স্কুলগুলোর চেয়ে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের অংশগ্রহণ যেমন বেড়েছে, তেমনি পদক পাওয়ার সংখ্যাও গেল কয়েক বছরের তুলনায় বেড়েছে। ‘কেন বেড়েছে?’ কারণটা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বের করার চেষ্টা করেছি, ‘ঢাকার বাইরের শিক্ষার্থীদের কাছে তথ্যপ্রযুক্তি আর ইন্টারনেট–সংযোগ আগের চেয়ে বেশি বেড়েছে। যার কারণে ফেনী কিংবা নাটোরের শিক্ষার্থীরাও খান একাডেমি আর এক্সপির মতো আন্তর্জাতিক শিক্ষাসেবার সুযোগ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে। কয়েক বছর আগেও বই কিংবা পত্রিকায় ছাপানো প্রশ্নই ছিল শিক্ষার্থীদের প্রস্তুতির একমাত্র মাধ্যম, এখন তা ইন্টারনেটের কারণে আরও বেড়েছে।’

 অভিভাবকদের উৎসব

গণিত উৎসবের পুরো আয়োজন শিক্ষার্থীদের কেন্দ্র করে আবর্তিত হলেও অভিভাবকদের নানান মাত্রায় অংশগ্রহণ দেখা যায়। ছেলে বা মেয়ের জন্য বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার গ্রাহক কুপন সংগ্রহ কিংবা কিশোর আলো কেনা, মুহম্মদ জাফর ইকবালের নতুন বই কিনে সারা দিন ধরে অপেক্ষা করা যেন নিত্য উৎসবের কাজ হয়ে গেছে অনেক অভিভাবকের। অনেক অভিভাবক অফিস থেকে ছুটি নিয়ে উৎসব মাঠে হাজির ছিলেন। সন্তানকে শুধু পাঠ্যপুস্তকে সীমিত না রেখে জীবনের অনন্য মাত্রার প্রস্তুতির অংশ হিসেবেই এই অভিভাবকদের গণিত উৎসবের মাঠে দেখা যায়। সন্তান ঠিক রেলগাড়িতে চড়েছে কি না, তা দেখতেই গণিতের দুনিয়াতে তাঁদের এই অংশগ্রহণ।

 প্রশ্ন কঠিন হচ্ছে!

অভিভাবক ও শিক্ষকদের গণিত উৎসবের পরীক্ষা পর্বে প্রতিবারই প্রশ্ন কতটা কঠিন হয় তা শিক্ষার্থীদের কাছ থেকে জানার আগ্রহ থাকে। এবারের প্রশ্ন নাকি অনেক কঠিন হয়েছিল কিন্তু চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীর সংখ্যায় তা বোঝা যায়নি। একদিকে যেমন প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আবার অন্যদিকে শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন পদক পাওয়ার সংখ্যাও বেড়েছে। শিক্ষার্থীদের বহুমাত্রিক প্রস্তুতির উৎস আর গণিত অলিম্পিয়াড–সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার কারণেই এমনটা হচ্ছে বলে সবার ধারণা।

 ব্রাজিল যাবে যারা

জাতীয় উৎ​সব থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্প। তারপরও কয়েক ধাপে হবে অারও কিছু বিশেষ গণিত ক্যাম্প। সব মিলিয়ে জাতীয় গণিত ক্যাম্প, এপিএমও ও আইএমও নির্বাচনী ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত দল চূড়ান্ত করবে। যারা আগামী জুলাই মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।

 বাড়ছে অর্জন

এই ফাঁকে আমাদের খুদে গণিতবিদদের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছে সানজিদ আনওয়ার, মুহতাসিম মীম ও আদিব হাসান। হংকংয়ের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন পেছনে ফেলে নতুন মাইলফলক স্থাপন করেছে আসিফ-ই-ইলাহি। এসবের মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের গণিত উৎসব।

 ধন্যবাদ আর কৃতজ্ঞতা

কৃতজ্ঞতা ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি, যাদের নিরবচ্ছিন্ন আর্থিক পৃষ্ঠপোষকতা এ পথচলাকে মসৃণ করেছে। প্রথম আলোর ব্যবস্থাপনা এটিকে দিয়েছে গতি। আর আমাদের গণিত উৎসবের প্রাণ, একঝাঁক নিঃস্বার্থ স্বেচ্ছাসেবক আমাদের প্রাণের উৎসবকে এক উচ্চমাত্রায় নেওয়ার সংগ্রাম অব্যাহত রেখেছে। সবার জন্য ভালোবাসা।

 জয়তু গণিত উৎসব।