চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের নৈর্ব্যক্তিকের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘এসএসসি ২০১৬ গণিত পরীক্ষায় ফল বিপর্যস্ত শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন। বক্তব্য দেন আহ্বায়ক মো. জালাল উদ্দিন ও সদস্যসচিব মো. শওকত আলী। এ সময় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক গ ও ঘ সেটের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটির কারণে হাজার হাজার পরীক্ষার্থী কাঙ্ক্ষিত ফল লাভ করা থেকে বঞ্চিত হয়েছে। চট্টগ্রাম নগরের স্বনামধন্য কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রথম সারির শিক্ষার্থীদের অনেকেই গণিত বিষয়ে জিপিএ-৫ পায়নি। অথচ তারা অন্য সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে।
সংবাদ সম্মেলনে বরিশাল শিক্ষা বোর্ডের উদাহরণ তুলে ধরে বলা হয়, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের নৈর্ব্যক্তিকের উত্তরপত্র মূল্যায়নে যান্ত্রিক ত্রুটির কারণে ফল বিপর্যয় ঘটে। তবে বোর্ড কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করলে ফেল করা সহস্রাধিক শিক্ষার্থী পাস করে। তাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও গণিতের নৈর্ব্যক্তিকের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করলে ফল আরও ভালো হবে।
সংবাদ সম্মেলনে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ তমা দেবী বলে, ‘ভালো ফলাফলের জন্য রাতদিন কষ্ট করেছি। কিন্তু উত্তরপত্র মূল্যায়নে ত্রুটির কারণে গণিতে জিপিএ-৫ পাইনি। এখন পছন্দমতো কলেজে ভর্তি হতে পারব না। আমরা কারও করুণা চাই না। আমরা আমাদের প্রাপ্য ফল চাই।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘গণিত বিষয়ের নৈর্ব্যক্তিকের গ ও ঘ সেটের উত্তরপত্র মূল্যায়নে কোনো ত্রুটি রয়েছে কি না, তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই ফল সংশোধন করা হবে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
গত বুধবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার গণিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩০৬। গণিতে মোট পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ।