গণিতের উৎসবে মেতেছে হাজারো শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন এত সকালে ঘুম থেকে উঠতে একটু গড়িমসি থাকে। কিন্তু গণিতের আকর্ষণ বলে কথা! আয়েশ বাদ দিয়ে ঠিক ঠিক সময়ে হাজারো শিক্ষার্থী হাজির ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে এই শিক্ষার্থীরা গণিত উৎসবে মেতেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসবের পতাকা। রঙ-বেরঙের এক ঝাঁক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়।

ব্রাদার রবি পিউরিফিকেশনস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর সহযোগিতায় দেশের গণিতবিদেরা অনেক দূর এগিয়ে গেছেন। তোমরাও এগিয়ে যাবে। এই প্রত্যাশা রাখি।’

উদ্বোধনীতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এবার গণিত উৎসবের ১৫ তম আসর বসেছে। গণিত-ভীতি দূর করা আর সারা দেশে গণিত শিক্ষার মান আরও উন্নত করার প্রচেষ্টায় এই উৎসব শুরু হয়েছিল।

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। ছবি: প্রথম আলো
ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। ছবি: প্রথম আলো

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যে গণিত জানে না, তার জীবন ষোলো আনাই মিছে। আজকের পৃথিবীতে টিকে থাকতে হলে গণিত জানতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আব্দুল কাইয়ুম বলেন, আজকের পরীক্ষা কোনো পরীক্ষা না। এটা একটা উৎসব। এর মধ্য থেকে যারা ব্রাজিলে যাবে, তারা সৌভাগ্যবান। আর যারা যেতে পারবে না, তারা এই উৎসবে শামিল হতে পেরেছে বলে সৌভাগ্যবান।

১৫টি আঞ্চলিক উৎসবের ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ১ হাজার ১২০ জন জাতীয় গণিত উৎসবে অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা চলতি বছরের জুলাইয়ে ব্রাজিলে ৫৮ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।

উৎসবে অংশ নিতে ভোরের আলো ফুটতেই গণিতপ্রেমী শিক্ষার্থীরা স্কুলমাঠে আসতে থাকে। জেলাভিত্তিক স্টলগুলোতে চলে নিবন্ধন।

রংপুরের স্টলের সামনে রংপুর ক্যাডেট কলেজ থেকে আসা একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব উল রহমান প্রথম আলোকে বলে, ‘২০১১ সালের গণিত উৎসবে জাতীয় পর্যায়ে রানার্সআপ আপ হয়েছিলাম। এবার চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।’

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো
ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭-এর উদ্বোধন হয়েছে। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। ছবি: প্রথম আলো

দশ বছর বয়সী জায়ান আরহাম তার বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম থেকে এসেছে। সে বলল, বড় হয়ে গণিতবিদ হওয়ার ইচ্ছা আছে।

যশোরের অভয়নগর থেকে আসা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরীন জাহান তৃণা জানায়, তার গণিতে একটু ভয় আছে। ভয়টা কাটাতেই এই উৎসবে অংশ নিয়েছে।

সকাল দশটায় প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড পরীক্ষা শুরু হয়। বিকেলে থাকছে সিসিমিপুর, ওয়াটার রকেট উৎক্ষেপণ, বইমেলা, সুডোকু ও রুবিকস কিউব প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসান, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কাল শনিবার সকাল সাড়ে আটটায় দ্বিতীয় দিনের উৎসব শুরু হবে। থাকবে গণিতের পট, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ ছাড়া উৎসবে ২০১৬ সালের সেরা গণিত ক্লাবের পুরস্কার দেওয়া হবে।