গণিতের বাজনা বাজুক প্রাণের গহিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত উৎসব
গণিত উৎসব

২৪টি অঞ্চল, প্রায় ৩০ হাজার শিক্ষার্থী, অর্ধলক্ষাধিক অভিভাবক, শতাধিক শিক্ষক ও সহস্রাধিক স্বেচ্ছাসেবকের পরিশ্রমের পর আজ শুক্রবার সকাল থেকে ঢাকায় শুরু হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৬। সারা দেশ থেকে বিজয়ী তেরো শতাধিক শিক্ষার্থী অংশ নেবে চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে।
তবে অলিম্পিয়াড মানে পরীক্ষা পর্ব ছাড়া বাকি পর্বগুলো সবার জন্য উন্মুক্ত। হবে রুবিকস কিউব আর সুডোকু প্রতিযোগিতা। থাকবে ওয়াটার রকেট, সাইকেল স্টান্ট। হাজির থাকবে সিসিমপুরের হালুম ও তার বন্ধুরা। পরিমার্জিত হয়েছে গণিতের পট, গণিত সংসদে খুদে গণিতবিদেরা তুলে ধরবে তাদের প্রস্তাব। আর সব শেষে গণিতের প্রতি ভালোবাসা নিয়ে ফেরত যাবে আমাদের খুদে গণিতবিদেরা।
আজ থেকে দেড় দশক আগে জাফর স্যার (অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল) ও কায়কোবাদ স্যার (অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ) একদিন এসেছিলেন মতি ভাইয়ের (প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান) কাছে। স্যারদের প্রস্তাব ছিল প্রথম আলোর পাতায় একটি গণিত আয়োজন শুরু করা। ২০০১ সালের ১৭ জুন নিউরনে অনুরণন নামের ওই আয়োজন দিয়ে আমাদের এই গণিত উৎসবের সূচনা। কে জানত মাত্র দেড় দশকে এটি বাংলাদেশের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিণত হবে?
২০০৩ সালে জামিলুর রেজা স্যারের (অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী) নেতৃত্বে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গঠন, ২০০৪ সালে পৃষ্ঠপোষক হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের সম্পৃক্তি ও দেশজুড়ে উৎসবের সূচনা। ২০০৫ সালে ৯৩টি দেশের মধ্যে ৯১তম হয়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাত্রা শুরু করে। আর ২০১৫ সালে বাংলাদেশ দল নিজেদের দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। ২০১৫ সালে ১০৪টি দেশের মধ্যে আমাদের অবস্থান ৩৩তম। ভারত ৩৭, শ্রীলঙ্কা ৫১ আর পাকিস্তান ৮৫তম। আর এ সবই সম্ভব হয়েছে আমাদের খুদে গণিতবিদদের নিরলস চেষ্টায়।
শুধু যে তারা নিজেরা চেষ্টা করছে তা নয়; এরই মধ্যে দেশের আনাচে-কানাচে এই তরুণেরা গড়ে তুলেছে শিখন-পঠনের এক নতুন পদ্ধতি। জাফর ইকবাল স্যারের ভাষায় ‘দুই ইঞ্চি তত্ত্ব’। এটা হলো যারা একটু বেশি জানে তাদের দিয়ে যারা একটু কম জানে তাদের শেখানো, দলবেঁধে পড়ার অভ্যাস তৈরি করা এবং গণিতকে সমস্যা সমাধানে টেনে নামানো। সেই কাজটা করে ফেলায় আর একটা মজার ঘটনাও ঘটে গেল। তা হলো, আমাদের শিক্ষার্থীরাই গণিতের কঠিন সব বিষয়ে বই লিখতে শুরু করে দিল। এমনকি কেউ কেউ তাদের এইচএসসি পার হওয়ার আগেই বই লিখে ফেলল। আর সেটা নম্বর থিওরি বা কম্বিনেটরিক্সের ওপর, যে বিষয়ে কিনা বাংলায় মাত্র একটি বা দুটি বই আছে! কয়েক বছর আগেও আমরা বইমেলায় নিজেরা একটা স্টল নিতাম, যেন বিভিন্ন প্রকাশনীর প্রকাশিত গণিতের বইগুলো একত্রে রাখা যায়। এখন আর সেটা করতে হয় না। এখন প্রায় সব বড় ও সৃজনশীল প্রকাশনী নিয়মিত গণিতের বই প্রকাশ করে থাকে। অন্যদিকে আমাদের খুদে গণিতবিদদের মেধা আর প্রচেষ্টার খোঁজ পেয়ে গেছে বিশ্বের প্রধান প্রধান সারির বিশ্ববিদ্যালয়গুলো। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), হার্বার্ড, ক্যালটেক, টোকিও ও ওয়াটারলু বিশ্ববিদ্যালয়। প্রতিবছরই এই তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে।
আর এ সবই সম্ভব হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উদ্যম, প্রচেষ্টা আর শিক্ষক-অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতায়। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। উৎসবের পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক আর ব্যবস্থাপক প্রথম আলোকে ধন্যবাদ।
আজকের সকালের পরীক্ষা পর্ব ছাড়া সারা দিনের এবং কাল সকালের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত। দুই দিনব্যাপী উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট গণিতবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, অধ্যাপক আবদুল হাকিম খান, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদারসহ বরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা।