গণিতের ভয় কেটেছে শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ–বাংলা—প্রথম আলো গণিত উৎসব ২০১৬
ডাচ–বাংলা—প্রথম আলো গণিত উৎসব ২০১৬

ঠান্ডা বাতাস ও কুয়াশার মধ্যেই গণিত উৎসব। এরপরও দূর-দূরান্ত থেকে হাজির ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে রংপুর, কুষ্টিয়া ও মৌলভীবাজারে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্ব। ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগানে উৎসবে এবারের অঙ্গীকার ‘গণিতের মাধ্যমে জয় করতে হবে পৃথিবীকে’।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: রংপুর জিলা স্কুল মাঠে গতকাল আয়োজিত উৎসবে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনা। জাতীয় পতাকা, আন্তর্জাতিক গণিত উৎসবের পতাকা এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে রংপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীমা নূর, ডাচ্-বাংলা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক শিশ্ মুহ. আবু হানিফা এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের গণিতের প্রভাষক রুহুল আমিন। উৎসবের উদ্বোধন ঘোষণা করে শামীমা নূর বলেন, নিয়মিত এই আয়োজনের মাধ্যমে গণিত নিয়ে শিক্ষার্থীদের ভয় অনেকটা দূর হয়েছে। এ কৃতিত্ব প্রথম আলোর।
উদ্বোধনী পর্ব শেষে সোয়া ঘণ্টার মূল্যায়ন পরীক্ষা হয়। তারপর বিদ্যালয় মাঠের বটতলার মঞ্চে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। ‘শূন্যকে জোড় সংখ্যা বলা হয় কেন?’ ‘আকাশের তারা কেন গোনা যায় না?’ ‘রাতের বেলা যখন আমরা চলাচল করি তখন আকাশের চাঁদ-তারাও কেন আমাদের সঙ্গে সঙ্গে যায়?’—শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক মুহাম্মদ শামসুজ্জামান ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গণিতের প্রভাষক রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্য জাভেদ পারভেজ। তারপর শুভেচ্ছা বক্তব্যে শিশ্ মুহ. আবু হানিফা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক গণিত অলিম্পিয়াডের পাশাপাশি দরিদ্র, অসহায়, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিও দিয়ে আসছে।
আরও বক্তব্য দেন রংপুর বন্ধুসভার সভাপতি রুম্মান উল আলম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। চার ক্যাটাগরিতে বিজয়ী ৬১ জনকে সনদ, পদক ও টি-শার্ট দেওয়া হয়।

মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ l ছবি: আনিস মাহমুদ
মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ l ছবি: আনিস মাহমুদ

কুষ্টিয়া: পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসানের উপস্থাপনায় কুষ্টিয়া বন্ধুসভার সাংস্কৃতিক দলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সকালে শুরু হয় উৎসব। জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন। বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন যথাক্রমে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী এবং ডাচ্-বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার কর্মকর্তা ইয়াহিয়া খান। এরপর অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে খেলার মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের সকল চিন্তায় গণিত (হিসাবনিকাশ) থাকে। সকাল শুরু হয় গণিত দিয়ে, রাতও শেষ হয় গণিত দিয়ে। বলতে গেলে মৃত্যু পর্যন্ত গণিতের ব্যবহার। এটাকে জয় করতে পারলে সকলের পথ চলা সহজ হবে।’
এরপর মূল্যায়ন পরীক্ষা শেষে উৎসব মঞ্চে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ সারথী সাহা। মজার ও গঠনমূলক প্রশ্ন করে শিক্ষার্থীরা কিশোর আলো সাময়িকী পুরস্কার পেয়েছে। সবশেষে ফলাফল ঘোষণা করে বিজয়ী ৫৯ জনের গলায় পদক পরিয়ে দেওয়া হয়।
মৌলভীবাজার: শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রায় ৬০০ ছাত্রছাত্রীকে নিয়ে গতকাল সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা। উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাফিজা খাতুন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। আর বাংলাদেশ গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু। তারপর মূল্যায়ন পরীক্ষা শেষে শুরু হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মৌলভীবাজার বন্ধুসভার সদস্যরা গণিত-সংগীত ও অন্যান্য গান পরিবেশন করেন। এরপর প্রশ্নোত্তর পর্বে খুদে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানের নানা প্রশ্ন করে। সেগুলোর উত্তর দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিতের সহকারী অধ্যাপক সৈয়দ মো. ওমর ফারুক ও সহকারী অধ্যাপক হিমাদ্রি শেখর চক্রবর্তী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ইম্পিরিয়াল কলেজ মৌলভীবাজারের গণিতের সহকারী অধ্যাপক দেবতোষ সিংহ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক পার্থ সারথী কর, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের রসায়নের প্রভাষক শক্তিপদ পাল এবং যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের কম্পিউটার প্রশিক্ষক বেলায়েত হোসেন। বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক চৌধুরী আবুল কালাম পারভেজ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকশানা লস্কর, মৌলভীবাজার বন্ধুসভার সভাপতি অপূর্ব সোহাগ, সাধারণ সম্পাদক আমিনা আইরিন প্রমুখ। মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী ৪০ জনের হাতে পদক তুলে দেন অতিথিরা।
যশোরে গণিত উৎসব আজ: যশোর জিলা স্কুল প্রাঙ্গণে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ১৪তম আসরের আঞ্চলিক পর্ব আজ রোববার অনুষ্ঠিত হবে। এতে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ ছাত্রছাত্রীর অংশ নেওয়ার কথা।