গণিতের ভয় জয় করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের ভয়কে জয় করার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী কুমিল্লার মুরাদনগরে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, মুরাদনগর এ উৎসবের আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ব্যবস্থাপনায় ছিল মুরাদনগর উপজেলা প্রশাসন।

আয়োজকেরা জানিয়েছেন, সকাল নয়টায় মুরাদনগরের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেলুল কাদের জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে স্থানীয় নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ে মূল পর্ব গণিত অলিম্পিয়াড (প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১৪০ জন নিম্নমাধ্যমিক, নবম ও দশম শ্রেণির ১২৮ জন মাধ্যমিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৬০ জন উচ্চমাধ্যমিক বিভাগে অংশ নেয়।

পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে খুদে গণিতপ্রেমীরা গণিতের নানা ধরনের জটিল প্রশ্ন করে। মজাদার এ পর্ব বেশ উপভোগ করেন শিক্ষক, অভিভাবকসহ সবাই।

এ পর্বের পর আলোচনা সভা ও সমাপনী পর্ব শুরু হয়। আয়োজক সংগঠনের সভাপতি ছালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ইউএনও রাসেলুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের গণিত বিভাগের শিক্ষক মো. মোতাহের হোসেন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক মো. গাজীউল হক ভূঁইয়া, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ। উৎসবে মাদক, মিথ্যা ও মুখস্থকে দুই হাত উঁচিয়ে ‘না’ বলে শিক্ষার্থীরা। পরে গণিত অলিম্পিয়াডের তিন বিভাগে বিজয়ী নয়জনকে পদক ও সনদ দেওয়া হয়। প্রতিযোগিতায় নিম্নমাধ্যমিক বিভাগে মুরাদনগর ডি আর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী দিদারুল ইসলাম খান, মাধ্যমিক বিভাগে পাঁচপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের হান্নান মোল্লা ও উচ্চমাধ্যমিক বিভাগে অধ্যাপক আবদুল মজিদ কলেজের নাজমুল ইসলাম প্রথম হয়।