>বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে পাঁচ শ। পাঠদানের জন্য আছে সহকারী শিক্ষকের ২১টি পদ। এর মধ্যে আছেন মাত্র ৬ জন শিক্ষক
নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে গত বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৫৪ জন। ‘ফেল’ (অকৃতকার্য) করা ৫৬ জনের মধ্যে ৪০ জনই গণিতের। আগের দুই বছরেও গণিত বিষয়ে অকৃতকার্যের সংখ্যা ছিল বেশি। এর কারণ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, গত চার বছর গণিতের শিক্ষক নেই। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান।
বিদ্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৬ জন। ফেল করে ২২ জন, গণিতে ১৮ জন। ২০১৬ সালে পরীক্ষার্থী ছিল ১৪০ জন। ফেল করা ৫ জনের মধ্যে ৩ জনই গণিতে ফেল করে।
শুধু গণিত নয়, একই অবস্থা আরও সাতটি বিষয়েও। ব্যবসায় শিক্ষা, ভূগোল, কৃষি শিক্ষা, জীববিজ্ঞান, শারীরিক শিক্ষা, চারুকলা ও হিন্দু ধর্মের কোনো শিক্ষক নেই। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও শারীরিক শিক্ষার শিক্ষক নেই প্রায় সাত বছর। অথচ বিদ্যালয়ের ৭০ ভাগ শিক্ষার্থীই ব্যবসায় শিক্ষার। এ ছাড়া প্রায় পাঁচ বছর কৃষি শিক্ষার শিক্ষকও নেই।
কর্মরত শিক্ষকেরা জানান, বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে সাড়ে ৫ শ। পাঠদানের জন্য সহকারী শিক্ষকের ২১টি পদের মধ্যে মাত্র ৬টি পদে শিক্ষক কর্মরত আছেন। বাকি ১৫টি পদই খালি। শূন্য পদের মধ্যে বাংলার ৩টি পদের মধ্যে ২টি, ইংরেজি ৩টির মধ্যে ১টি, ভৌতবিজ্ঞানের ২টির মধ্যে ১টি, সামাজিক বিজ্ঞান ২টি পদের মধ্যে ১টি পদে শিক্ষক নেই। উদ্ভূত পরিস্থিতিতে গণিত, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কৃষি শিক্ষা বিষয়ে চারজন অতিথি শিক্ষক রেখে কোনো রকমে পাঠদান কার্যক্রম চালু রাখা হয়েছে। খালি পড়ে আছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও। একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চলছে বিদ্যালয়টি।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। উপজেলার কাদরা গ্রামের অভিভাবক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি (সরকারি) জাতীয়করণ হওয়ার আগে ভালোই ছিল। শিক্ষক-কর্মচারীর সংকট ছিল না।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪০ সালে উপজেলার বাবুপুর গ্রামের শিক্ষানুরাগী হাবিব উল্যাহ চৌধুরীর প্রচেষ্টায় সেনবাগ পাইলট উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। তখন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং ২১ জন সহকারী শিক্ষকের পদ ছিল। শিক্ষকেরও সংকট ছিল না। জাতীয়করণের পর কিছুদিন না যেতেই একে একে শিক্ষকেরা বদলি হতে থাকেন। মাঝেমধ্যে সরকারিভাবে শূন্য পদে শিক্ষক বদলি করা হলেও তাঁরা কয়েক মাস পরই আবার বদলি হয়ে চলে যান।
বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছেন সহকারী শিক্ষক মো. মুছা। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষক না থাকায় বিদ্যালয়ে পাঠদান স্বাভাবিক রাখাই দুরূহ হয়ে পড়েছে। কয়েকজন অতিথি শিক্ষক নিয়ে জোড়াতালি দিয়ে পাঠদান কার্যক্রম চালু রাখা হয়েছে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটেও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে খুবই হিমশিম খেতে হয়। শিক্ষক-কর্মচারী সংকটের বিষয়ে কিছুদিন পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়।
এ ব্যাপারে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. আবদুর রউফ মণ্ডল বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। প্রতি মাসের সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হয়। তিনি আরও বলেন, শিক্ষক পদায়ন করা হলেও কিছুদিন পর বদলি হয়ে চলে যান।