গণিতের শিক্ষক সংকটই কাল হলো শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি শিক্ষা বোর্ডের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফলে সব সূচকেই পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। গণিতে ফলাফল বিপর্যয়ই এর প্রধান কারণ। আর গণিতে খারাপ করার কারণ শিক্ষকের সংকট।
সিলেট শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষানুরাগী, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর এসব তথ্য উঠে এসেছে। তবে প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নে পরীক্ষা ও সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে রুটিন বিপর্যয়কেও ফলাফল খারাপের কারণ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা।
এ বছর সিলেট বোর্ডে ৭২ হাজার ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৩ হাজার ৬০ জন। অকৃতকার্যদের মধ্যে ১০ হাজার ১৭৭ জন শিক্ষার্থীই গণিতে ফেল করেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে গণিতে সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিকের শিক্ষার্থীরা। গণিতে মানবিকের ৯ হাজার ১৯৪, বিজ্ঞানের ৩০৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৭৮ জন শিক্ষার্থী ফেল করেছে।
বিভাগীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগের চার জেলায় ২০টি সরকারি ও ৮৮৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সরকারি বিদ্যালয়গুলোতে গণিত বিষয়ে বর্তমানে ৭১ জন শিক্ষক কর্মরত এবং ১৫টি পদ শূন্য। বেসরকারি বিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশিসংখ্যক পদ শূন্য গণিত বিষয়ে। এসব শূন্য পদের সংখ্যা কত, তার কোনো সুনির্দিষ্ট তথ্য বিভাগীয় কার্যালয়ে নেই। তবে চার জেলায় অন্তত দেড় শতাধিক বিদ্যালয়ে গণিত শিক্ষকের পদ শূন্য বলে জেলা ও উপজেলার মাধ্যমিক কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
শিক্ষক-সংকটের বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সিলেটের বাসিন্দা এমন শিক্ষকের সংখ্যা এখানে কম। তাই দেশের অন্যান্য অঞ্চল থেকে শিক্ষক আসার পরই তাঁরা বদলি হওয়ার চেষ্টা চালান। গ্রাম পর্যায়ে গণিত শিক্ষকের সংকট প্রকট।
জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষক-সংকটের পাশাপাশি প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্র হওয়ায় শিক্ষার্থীদের একটু সমস্যা হয়েছে। তবে ভবিষ্যতে নিশ্চয়ই এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর উচ্চবিদ্যালয়ে গণিত শিক্ষকের পদটি ১২ বছর ধরে শূন্য। সেখানে শরীরচর্চা শিক্ষক গণিত শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এবার এ বিদ্যালয় থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৩ জনই অকৃতকার্য হয়েছে। তারা প্রত্যেকেই গণিতে ফেল করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরী বলেন, গণিত শিক্ষকের জন্য একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও পাওয়া যায়নি। শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা গণিতে ভালো করতে পারছে না।
শুধু শিক্ষক-সংকটের কারণেই যে ফলাফল খারাপ হয়েছে, তা মনে করেন না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ। তিনি বলেন, সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত ও উদ্বিগ্ন ছিল। এটিও ফলাফল খারাপের অন্যতম কারণ।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান বলেন, ‘গণিত বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফল করার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গণিত বিষয়ে আরও নজরদারি বাড়ানোর জন্য প্রতিটি বিদ্যালয়কে নির্দেশনা দেওয়া হবে।’