গণিতের সঙ্গে সখ্য গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বে এক অংশগ্রহণকারীর প্রশ্ন। গতকাল ফরিদপুর উচ্চবিদ্যালয় থেকে তোলা ছবি l আলীমুজ্জামান
গণিত উৎসবের প্রশ্নোত্তর পর্বে এক অংশগ্রহণকারীর প্রশ্ন। গতকাল ফরিদপুর উচ্চবিদ্যালয় থেকে তোলা ছবি l আলীমুজ্জামান

ফরিদপুর উচ্চবিদ্যালয়ের চত্বরে সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। জাতীয় গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক ফরিদপুরের শাখা ব্যবস্থাপক এম ডি সহিদুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে উম্মে সালমা তানজিয়া বলেন, ‘আমরা গণিতকে ভয় পাই বলে গণিত বই কম খুলি। এ কারণে গণিতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় না। গণিতের সঙ্গে আমাদের নিবিড় সখ্য গড়ে তুলতে হবে। তবেই আমরা গণিতকে জয় করতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পরীক্ষা। এরপর ছিল প্রশ্ন-উত্তর পর্ব।

প্রশ্ন-উত্তর পর্ব শিক্ষার্থীদের শূন্য বাস্তব সংখ্যা কেন, পাই-এর সসীম মান পাওয়া গেলে কী সুবিধা বা অসুবিধা হবে, সমকোণী
ত্রিভুজে কেন অতিভুজ থাকে, এ-জাতীয় অনেক প্রশ্নে শিক্ষকদের ব্যতিব্যস্ত করে তোলে শিক্ষার্থীরা। আকর্ষণীয় প্রশ্নের জন্য দেওয়া হয় পুরস্কার।

শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন সরকারি ইয়াছিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার ভৌমিক ও সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রভাষক পরিমল কুমার কুণ্ডু।

 ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের হাতে ভেন্যু স্মারক তুলে দেন জেলা প্রশাসক। উৎসব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মাফিকুল ইসলাম প্রমুখ। উপস্থাপনা করেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশকে ভালোবাসতে হলে, দেশের সম্মান বিশ্বে তুলে ধরতে হলে তোমাদের বোকা ও পাগল হতে হবে।’ তিনি বলেন, ফরিদপুরে শুক্রবার সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। ওই দিন পড়াশোনা করতে হবে না। ওই দিন কেউ ঘুমিয়ে, কেউ গল্প করে, কেউ খেলাধুলা করে, কেউ-বা ঘোরাঘুরি করে সময় কাটাবে। এর ফলে শিক্ষার্থীদের শরীর ও মন প্রফুল্ল থাকবে।

 মো. জামাল পাশা বললেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গণিতের কোনো বিকল্প নেই

শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, গণিতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফর্মুলায় ঠিকমতো ফেলে দিলে গণিত সহজ হয়ে যাবে।

এম ডি সহিদুল ইসলাম তাঁর বক্তব্যে জানালেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

অনুষ্ঠানে রবিস কিউ প্রতিযোগিতায় প্রথম হয় রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের রুবায়েত হোসেন, দ্বিতীয় হয় ফরিদপুর জিলা স্কুলের গোলাম মোস্তফা এবং তৃতীয় হয় শরীয়তপুরের পি টি জি ডি সরকারি উচ্চবিদ্যালয়ের মেহুল হক।

অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার সংগীত দল ও শিক্ষার্থীরা।

উৎসবে গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা ও ফরিদপুরের ৯৮টি স্কুল ও কলেজের ৬৬৭ জন পরীক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেয়। এর মধ্য থেকে ৫০ জন প্রতিযোগী চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়ে আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় উৎসবে যাওয়ার সুযোগ পেল।