গণিতের সঠিক চর্চার মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মানে আলো। শিক্ষার সঠিক প্রয়োগের মধ্য দিয়ে এই আলো জ্বালিয়ে রাখতে হবে। শিক্ষাকে সামনে রেখে এবং লক্ষ্য স্থির করে শিক্ষার্থীদের তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হবে। গণিতের সঠিক চর্চা ও প্রয়োগের মধ্য দিয়ে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এ সময় গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, বিভাগের প্রাক্তন অধ্যাপক আনোয়ারুল হক শরীফ।আলোচনা শেষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে অধ্যাপক মো. ফরহাদ হোসেন ক্রেস্ট তুলে দেন। বেলা তিনটার দিকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য নতুন শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সেশনজটমুক্ত বিভাগ হিসেবে গণিত বিভাগের সফলতার প্রশংসা করেন।সহ-উপাচার্য (প্রশাসন) বলেন, ‘শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের মধ্য দিয়েই জণগণের দায় থেকে নিজেদের মুক্ত করতে হবে।’ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও নিজের জ্ঞানের সমৃদ্ধকরণই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।গণিত বিভাগের সভাপতি বলেন, গণিত মানে সঠিকভাবে বিশ্লেষণ ও চিহ্নিতকরণের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া। সততা, নিষ্ঠা ও পরিশ্রম—এই তিনের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।