গণির লাশ হস্তান্তর করল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত আবদুল গণির লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে সীমান্তে অনুপ্রবেশ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই এলাকায় বিজিবি সমাবেশ করেছে।
গত সোমবার ভোরে উপজেলার উত্তর ধলডাঙ্গার আবদুল গণি (৫৫) গরু পাচারের জন্য ভারতে যায়। এ সময় বিএসএফ রইছ উদ্দিন (২৫) ও আলাউদ্দিন (৩০) নামের আরও দুজনসহ তাঁকে আটক করে নির্যাতন করে। এতে আবদুল গণি মারা যান। অপর দুজন আহত অবস্থায় পালিয়ে আসেন। নির্যাতনে আলাউদ্দিনের হাত ও পা ভেঙে গেছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রইছ উদ্দিন পলাতক।
স্থানীয় লোকজন জানান, আবদুল গণি পেশায় দিনমজুর। খুব গরিব। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল। সন্ধ্যা ছয়টার দিকে আবদুল গণির লাশ বাড়িতে পৌঁছালে কান্নার রোল পরে যায়।
এর আগে ভূরুঙ্গামারীর উত্তর ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবির সমাবেশ অনুষ্ঠিত হয়। সীমান্তে অনুপ্রবেশ ও দুর্ঘটনা রোধে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী। তিনি বলেন, অর্থের লোভে ঝুঁকিপূর্ণভাবে ভারতে অনুপ্রবেশ করে কেন গরু আনতে যান? এর ফলে স্ত্রী স্বামীহারা ও সন্তানেরা পিতাহারা হলো। আলাউদ্দিন পঙ্গু হলো। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।