গণেশ উল্টে গেল
গতবারের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম খান। আর বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার। এবারও প্রতিদ্বন্দ্বী তাঁরাই। শুধু উল্টে গেছে বিজয়ী আর পরাজিতের অবস্থান।
এবার আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল ইসলাম বিএনপির আব্দুল মহিতের কাছে ২৭ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু গতবার তিনিই আব্দুল মহিতের চেয়ে আড়াই হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
জানা গেছে, ২০০৯ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল ইসলাম ৫২ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। পক্ষান্তরে বিএনপি-সমর্থিত আব্দুল মহিত পেয়েছিলেন ৪৯ হাজার ৪৮১ ভোট। দুই হাজার ৫৬৬ ভোটে সেবার আব্দুল মহিত পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার যেন সে পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন তিনি। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত আব্দুল মহিত ৬৫ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ১০৮ ভোট। ২৭ হাজার ৬৪৬ ভোটের ব্যবধানে তিনি এবার আব্দুল মহিতের কাছে পরাজিত হয়েছেন।
বিজয়ী আবদুল মহিত বলেন, ‘গত পাঁচ বছরে সিরাজুল ইসলামের দুর্নীতি ও অপশাসনে কেবল সাধারণ ভোটাররাই নন, খোদ আওয়ামী লীগের বহু বিবেচক সমর্থকও তাঁর ওপর খেপে উঠেছিলেন। ওই অংশটির ভোটও আমি পেয়েছি।’