গণ্ডামারায় পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সমাবেশ
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল ও মানুষের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল রোববার বিকেলে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে। নগরের আন্দরকিল্লা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
তেল-গ্যাস রক্ষা কমিটির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ, বাসদের (খালেকুজ্জামান) সমন্বয়ক মহিম উদ্দিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে তা পরিবেশ ও জীবন-বিধ্বংসী কাজ হবে। এই বিদ্যুৎকেন্দ্র সাধারণ মানুষের জমি গ্রাস করছে। বিদ্যুৎকেন্দ্র বাতিল করার দাবিতে ওখানকার মানুষ রক্ত দিয়েছে। অবিলম্বে এই বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানানো হয়
বক্তারা অভিযোগ করেন, গণ্ডামারায় এখন প্রতি ঘরে ঘরে গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে নিরীহ মানুষকে। তাঁরা হয়রানি বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে মিছিল বের করা হয়।