‘গণ্ডি’ চলচ্চিত্রের পরিচালক ও অভিনেতা–অভিনেত্রীদের সম্মাননা
‘ভুবনমাঝি’খ্যাত বাংলাদেশের গুণী চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খান পরিচালিত সিনেমা ‘গণ্ডি’–তে ফুটিয়ে তোলা হয়েছে পারিবারিক বন্ধনের গুরুত্ব। একাধারে সমালোচক ও দর্শকনন্দিত এ চলচ্চিত্রে জুটি বাঁধেন ‘ফেলুদা’খ্যাত ভারতীয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০–এর চূড়ান্ত ফলাফলে তিনটি শ্রেণিতে পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি।
‘গণ্ডি’-র এমন সাফল্য ও অর্জনকে অনুপ্রাণিত করতে চলচ্চিত্রটির বিশেষ পৃষ্ঠপোষক বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজন করে এক আড়ম্বরপূর্ণ সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে ‘গণ্ডি’ সিনেমার কলাকুশলীদের জন্য এবং শ্রেষ্ঠ সংলাপের জন্য পুরস্কৃত ফাখরুল আরেফিন খানকে সম্মাননা স্নারক তুলে দেন বীকন ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ এবাদুল করিম। এ ছাড়া শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে পুরস্কৃত অপর্ণা ঘোষ ও শ্রেষ্ঠ শিশু অভিনেতা বিভাগে পুরস্কৃত মুগ্ধতা মোর্শেদকে সম্মাননা স্মারক তুলে দেন বীকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার করিম।
বর্ণাঢ্য এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বীকন গ্রুপের মানবসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান খান, বীকন অনকোলজি, বায়োটেক ও পেলিয়াটিভ কেয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহামুদুল হক পল্লব এবং বীকন ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার বাপ্পা সরকারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।