২০১৫-১৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় কর অঞ্চল-১-এর কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই রিটার্ন জমা দেয়।
রিটার্নের বিবরণ অনুযায়ী, গত অর্থবছরে আওয়ামী লীগ আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। তহবিলে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।
মোট আয়ের মধ্যে সদস্যদের চাঁদা থেকে ২ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা, উপনির্বাচনের মনোনয়নপত্র বিক্রি বাবদ ১৫ লাখ ২৫ হাজার, অনুদান সংগ্রহ বাবদ ২ কোটি ৩১ লাখ টাকা, প্রকাশনা বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ৬৩ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা, ব্যাংক থেকে পাওয়া সুদ বাবদ ১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৭৯৯ টাকা এবং অন্যান্য খাত থেকে ২ লাখ ৯৫ হাজার ৮৭১ টাকা আয় হয়েছে।
ব্যয়ের মধ্যে রয়েছে কর্মচারীদের বেতন বাবদ ৬২ লাখ ২১ হাজার ৫৭৫ টাকা, অনুষ্ঠান ও সভা-সমাবেশ বাবদ ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৯০ টাকা, প্রকাশনা বাবদ ৬৮ লাখ ৮২ হাজার ৭০৪ টাকা, ত্রাণকাজে ব্যয় ২১ লাখ ৬৯ হাজার ১৪৫ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২২ লাখ ৪ হাজার ৬৫৫ টাকা।
এর আগে ২০১৪-১৫ অর্থবছরের হিসাবে আওয়ামী লীগের আয় হয়েছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। ওই অর্থবছরের শেষে দলটি তহবিলের সমাপনী জের ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ২৩ টাকায়।