২০১৩-১৪ অর্থবছরে সরকারের কর্মকাণ্ডে সন্তোষ মন্ত্রিসভার

গত অর্থবছরে (২০১৩-১৪) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হলে এই সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে জানান, গত অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের তথ্য পর্যালোচনা করে প্রায় সব সূচকে অগ্রগতি লক্ষ করা যায়।
ওই প্রতিবেদনের সুপারিশ অংশে আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা, নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করা ও কাজের গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে এবং যথাযথভাবে সম্পাদন করতে শূন্য পদে নিয়োগ দেওয়া, আর্থিক শৃঙ্খলা জোরদার করতে নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তিকল্পে সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়।
প্রতিবেদনের সুপারিশে আরও বলা হয়, সেবাপ্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসরি শ্রবণের মাধ্যমে সেগুলো সমাধান ও নাগরিক সেবা দেওয়ার গতি দ্রুততর করার লক্ষ্যে জেলা ও উপজেলা কার্যালয়ের প্রধানরা নিয়মিত গণশুনানি গ্রহণ করতে পারেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৪ ডলার। পরের বছর তা বেড়ে হয়েছে ১ হাজার ১৯০ ডলার। একইভাবে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ। রাজস্ব আয় বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪০ দশমিক ৪৪ শতাংশ। গত অর্থবছরে টাকার মূল্য স্থিতিশীল ছিল। মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ।
মোবাইল গ্রাহক ১১ কোটি ৬২ লাখ
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গত অর্থবছরে ২৪২টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৩৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কৃষি ও খাদ্য উৎপাদন বেড়েছে।
গত জুন পর্যন্ত মোবাইল গ্রাহকের সংখ্যা হয়েছে ১১ কোটি ৬২ লাখ। একই সময় পর্যন্ত ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল তিন কোটি ৮৯ লাখ।
ছয়টি কেন্দ্র চালু, ১০৪৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত
গত অর্থবছরে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন উভয়ই বেড়েছে উল্লেখ করে মোশাররাফ হোসাইন বলেন, এ সময় বিদ্যুতের উৎপাদনের পরিমাণ বেড়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ। একই অর্থবছরে নতুন আটটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এগুলোতে উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে ১ হাজার ৬৫৭ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এ ছাড়া গত অর্থবছরে ছয়টি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় ১ হাজার ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে।
শিল্প-কারখানার ৬৯টি লাভজনক, লোকসান ১৯টিতে
মন্ত্রিপরিষদ সচিব স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানাগুলোর মধ্যে ৬৯টি প্রতিষ্ঠান গত অর্থবছরে লাভ করেছে। লোকসান করেছে ১৯টি প্রতিষ্ঠান।
আজ মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের তাগিদ দেওয়া হয়েছে। এসব পদ সৃষ্টি ও নিয়োগ-প্রক্রিয়া ত্বরান্বিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে চুক্তি এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সন্ত্রাস, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনবিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দক্ষিণ কোরিয়া সফরের বিষয়বস্তু মন্ত্রিসভাকে অবহিত করেন।