গত অর্থবছরে মিল্ক ভিটার মুনাফা ১৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুগ্ণ ও লোকসানি প্রতিষ্ঠান থেকে এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি মিল্ক ভিটা। গত ২০১২-১৩ অর্থবছরে সংস্থাটি ১৭ কোটি ৩৭ লাখ টাকা মুনাফা করেছে। মিল্ক ভিটা কর্তৃপক্ষ আশা করছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে। মিল্ক ভিটার সার্বিক কার্যক্রমের ওপর গতকাল শনিবার মিল্ক ভিটার তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কারণে মিল্ক ভিটা এখন লাভজনক অবস্থায় নব উদ্যমে যাত্রা শুরু করেছে। দেশে আমদানি করা গুঁড়া দুধের ওপর নির্ভরতা কমাতে সরকার মিল্ক ভিটাকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সভার শুরুতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী গত সাত মাসে মিল্ক ভিটায় বিক্রয় ও মুনাফার হার বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় হ্রাস, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন পদক্ষেপ এবং অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরেন। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, মিল্ক ভিটার চেয়ারম্যান মো. হাসিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।