গত অর্থবছরের অগ্রগতিতে সন্তুষ্ট মন্ত্রিসভার সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে (২০১৩-১৪) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হলে এই সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে জানান, গত অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের তথ্য পর্যালোচনা করে প্রায় সব সূচকে অগ্রগতি লক্ষ করা যায়।
ওই প্রতিবেদনের সুপারিশ অংশে আন্তমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা, নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, শূন্য পদে নিয়োগ, নিরীক্ষা আপত্তি দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়। প্রতিবেদনের সুপারিশে আরও বলা হয়, জনগণের অভাব-অভিযোগ সরাসরি শোনার মাধ্যমে সেগুলো সমাধান ও নাগরিক সেবা দেওয়ার গতি দ্রুততর করতে জেলা ও উপজেলা কার্যালয়ের প্রধানেরা নিয়মিত গণশুনানি গ্রহণ করতে পারেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৪৪ ডলার। পরের বছর তা বেড়ে হয়েছে এক হাজার ১৯০ ডলার। একইভাবে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৬৯ শতাংশ। রাজস্ব আয় বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৪০ দশমিক ৪৪ শতাংশ। গত অর্থবছরে টাকার মূল্য স্থিতিশীল ছিল। মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ।
গত অর্থবছরে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন উভয়ই বেড়েছে উল্লেখ করে মোশাররাফ হোসাইন বলেন, এ সময় বিদ্যুতের উৎপাদনের পরিমাণ বেড়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ। একই অর্থবছরে নতুন আটটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এগুলোতে উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে এক হাজার ৬৫৭ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এ ছাড়া গত অর্থবছরে ছয়টি বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় এক হাজার ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
গতকালের মন্ত্রিসভা সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের তাগিদ দিয়েছে। এসব পদ সৃষ্টি ও নিয়োগ-প্রক্রিয়া ত্বরান্বিত করতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে চুক্তি এবং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সন্ত্রাস, মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনবিষয়ক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দক্ষিণ কোরিয়া সফরের বিষয়বস্তু মন্ত্রিসভাকে অবহিত করেন।