গত ছয় দিনেও খোঁজ মেলেনি শিশু সাকিবের
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পরও শিশু লুৎফর রহমান সাকিবের (১০) খোঁজ মেলেনি। সাকিব নাচোল পৌর এলাকার মুরাদপুরের রাজিবুল হকের ছেলে। সে নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
সাকিবের বাবা রাজিবুল হক একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, তাঁর দুই ছেলেমেয়ের মধ্যে সাকিব বড়। গত রোববার বেলা ১১টার দিকে স্কুল ছুটির পর সাকিবের মা লুৎফুন নেসা তাকে আনতে যান। মায়ের সঙ্গে দেখাও হয় সাকিবের। তারপর হঠাৎ সে কোথায় যেন চলে যায়। এরপর সাকিবকে আর পাওয়া যায়নি। তবে নাচোল বাসস্ট্যান্ড মোড়ের এক দোকানি জানিয়েছেন, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাকিব তাঁর দোকান থেকে একটি ফুটবল কিনেছে, ওই সময় তার কাছে স্কুলব্যাগ ছিল না। এ ঘটনায় গত সোমবার নাচোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। সাকিবকে উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুতই তাকে উদ্ধারের প্রত্যাশা করছে পুলিশ।