গত বছর এইডসে ৮২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে দেশে এইডসে আক্রান্ত হয়ে ৮২ জন মারা গেছে। এ সময়ে নতুনভাবে এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে ৩৭০ জন। আর আক্রান্ত হয়েছে ৯৫ জন।
গতকাল রোববার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এইডস ও এইচআইভির এই নতুন তথ্য ঘোষণা করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ইউএনএফপিএ, ইউএনএইডস, আইসিডিডিআরবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ কয়েকটি এনজিও।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে এ পর্যন্ত শনাক্ত হওয়া এইচআইভি সংক্রমিত ব্যক্তি তিন হাজার ২৪১ জন। শনাক্ত হওয়া এইডসে আক্রান্ত ব্যক্তি এক হাজার ২৯৯ জন। আর দেশে এ পর্যন্ত এইডসে মারা গেছে ৪৭২ জন।
এ বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর: বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই—এই আমাদের অঙ্গীকার’।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বেগম রওশন এরশাদ বলেন, গ্রামগঞ্জে সাধারণ মানুষের এইচআইভি ও এইডস সম্পর্কে সঠিক ধারণা নেই।
এইসআইভি সংক্রমিত ব্যক্তিদের নেটওয়ার্ক পিএলএইচআইভির সভাপতি হাবিবা আখতার বলেন, এইচআইভি সংক্রমিত ব্যক্তি ও এইডস রোগীদের চিকিৎসার জন্য সরকারি অবকাঠামোর উন্নয়ন দরকার। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সরকারি হাসপাতালে রোগী সহায়ক পরিবেশ তৈরি জরুরি। আগামী জানুয়ারি থেকে পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এসব রোগীর চিকিৎসা ও অন্যান্য সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি নেই বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। জাতীয় সংসদের সামনে থেকে সকাল সাড়ে আটটায় শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং যৌনকর্মীদের সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভার মূল উপস্থাপনায় জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক মো. আবদুল ওয়াহিদ বলেন, বাংলাদেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তি প্রথম শনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশে এর প্রাদুর্ভাব খুবই কম—শতকরা শূন্য দশমিক ১ ভাগেরও কম। এ দেশে এইচআইভি সংক্রমিত ব্যক্তির আনুমানিক সংখ্যা আট হাজার।