গত বছর কর্মক্ষেত্রে নিহত হয়েছেন ৯৫১ শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর (২০১৫ সাল) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবং কর্মক্ষেত্রে ৯৫১ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯০৭ জন। এর মধ্যে পরিবহন খাতে নিহত হয়েছেন ৩৪৭ জন।
বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৫টি সংবাদপত্র ও ওশির উদ্যোগে মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম মোর্শেদ সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, ২০১৫ সালে কর্মক্ষেত্রে নিহত ব্যক্তিদের মধ্যে ২৭৬ জন প্রাতিষ্ঠানিক খাতে ও ৬৭৫ জন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন। প্রাতিষ্ঠানিক খাতে সর্বোচ্চসংখ্যক পোশাকশিল্প খাতে নিহত হয়েছেন ৭৩ জন। আর অপ্রাতিষ্ঠানিক খাতে সর্বোচ্চসংখ্যক পরিবহনশ্রমিক (৩৪৭ জন) নিহত হয়েছেন। এ ছাড়া নির্মাণশ্রমিক, জাহাজভাঙা শিল্পের শ্রমিক, সিমেন্ট কারখানা, নিরাপত্তাকর্মী, প্লাস্টিক ও দেশলাই কারখানার শ্রমিকেরা এ তালিকায় আছেন।
প্রতিবেদনে কর্মস্থলে দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, ওপর থেকে পড়ে যাওয়া, বজ্রপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সহিংসতা, মালিকপক্ষের শারীরিক আঘাত, দেয়াল-ভবন-ছাদ ও মাটিধসের কথা বলা হয়েছে।
কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ওশি পাঁচটি সুপারিশও করেছে। এগুলো হলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর আওতায় বিদ্যমান স্বাস্থ্য ও নিরাপত্তা বিধান এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা, ২০১৩-এর কার্যকর প্রয়োগ, মালিকপক্ষের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট চালু করা, নিপসমের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি বিভাগের মাধ্যমে পেশাগত নিরাপত্তা বিষয়ে গবেষণা কার্যক্রম গ্রহণ এবং সড়কপথে পরিবহনশ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।