দেশে গত বছর পার্বত্য চট্টগ্রাম ও সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩ জন খুন হয়েছে। এর মধ্যে তিনজন নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
মানবাধিকার সংগঠন কাপেংয়ের ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১৫’-তে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাজধানীর ডেইলি স্টার ভবনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
কাপেং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে ২০০৭ সাল থেকে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সরেজমিনে খোঁজখবর নিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
কাপেংয়ের প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৬ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সংখ্যা আগের বছর অর্থাৎ ২০১৪ সালে ছিল ২১টি। সংগঠনটি বলছে, ২০০৭ থেকে গত বছর পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৩৪ জন নারী ও কন্যাশিশু শারীরিক ও যৌন নির্যাতনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর নির্যাতনের শিকার নারীদের মধ্যে ৫২ শতাংশই পার্বত্য চট্টগ্রামে বাস করা নারী। বাকি ৪৮ শতাংশ সমতলের। আর নারী নির্যাতনকারীদের মধ্যে ৮৪ শতাংশই বাঙালি। ১২ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীরই সদস্য। আর ৪ শতাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য।
এই মানবাধিকার প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোকে যে প্রান্তিকতায় ঠেলে দেওয়া হয়েছে, তা বাংলাদেশের জন্য লজ্জার।’ সুলতানা কামাল বলেন, ‘কয়েক দিন পর আমরা স্বাধীনতা দিবস পালন করব। বড় বড় কথা বলব। কিন্তু সত্যিকারভাবে আমরা যদি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সৎ থাকতে চাই, তবে মুক্তিযুদ্ধের মৌল দর্শন সব মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশের সংবিধান এখনো ধর্মীয় বৈষম্যমুক্ত হতে পারেনি। সংবিধানে ক্ষুদ্র ও বৃহৎ জাতিগোষ্ঠী—এই বিভাজন টানা হয়েছে। এখানে ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতির উন্নতি কীভাবে আশা করব?’
রবীন্দ্রনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। ফাল্গুনী ত্রিপুরার সঞ্চালনায় মানবাধিকার প্রতিবেদন তুলে ধরেন কাপেংয়ের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।