গত বছর দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,১৪৪ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালে সারা দেশে ২ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১৪৪ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। ২০১৫ সালের তুলনায় গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ দশমিক ১৬ শতাংশ কমেছে। গত বছর বেশি দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে।

নিরাপদ সড়ক চাইর (নিসচা) এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গেল বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নিসচা এই প্রতিবেদন তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য ও নিসচার আঞ্চলিক শাখা সংগঠনের পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু স্থানীয় বা আঞ্চলিক অনেক দুর্ঘটনার খবর এই প্রতিবেদনে উঠে আসেনি। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) মোতাবেক কার্যক্রম নিলে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশা রাখি।’

নিসচার প্রতিবেদনটি বলছে, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে দুর্ঘটনার সংখ্যা কমেছে ৩১০টি। তাই ২০১৫ সালের তুলনায় গেল বছর দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তির সংখ্যাও কমেছে। সবচেয়ে বেশি ঘটেছে বাস দুর্ঘটনা—৭১০টি। এরপরই আছে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দুর্ঘটনা—৬৬২টি। সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, নছিমন, টেম্পো ইত্যাদি যানবাহনের দুর্ঘটনা ৩৮৭টি। মোটরসাইকেল দুর্ঘটনা ২৪৯টি। ট্রেনে কাটা পড়ার ঘটনা, যানবাহনসহ ট্রেন দুর্ঘটনা সবচেয়ে কম‍—১৮৪টি।

প্রতিবেদনে বলা হয়, সরকারি কার্যক্রম জোরদার করায় নিসচা, বিআরটিএ ও এলজিইডি গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করায় এবং নিসচা চালকদের সচেতনতা বৃদ্ধি ও জনসচেতনতামূলক যে কার্যক্রম চালিয়েছে, গণমাধ্যম তা প্রচার করার কারণে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে।

প্রতিবেদনে দুর্ঘটনা কমাতে ১১টি সুপারিশ করা হয়েছে।