গত বছর দেশে তিন সাংবাদিককে হত্যা করা হয়, আহত ১৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর দেশে তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এ সময় ৬৯টি ঘটনায় ১৩৭ জন সাংবাদিক আহত হয়েছেন। সাংবাদিকদের হুমকির ২১টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। দক্ষিণ এশিয়া গণমাধ্যম পর্যবেক্ষণ-২০১২ প্রতিবেদনে (সাউথ এশিয়া মিডিয়া মনিটর-২০১২ প্রতিবেদন) এ তথ্য দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা ক্লাবে সাউথ এশিয়া মিডিয়া কমিশন আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ কিছুতেই দূর হয়নি। এই প্রবণতা গণমাধ্যমে অনেকটা মারমুখীভাবে উঠে এসেছে এবং তা রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিহিংসা হিসেবে ফিরে এসেছে। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিতণ্ডার তীব্র প্রভাব পড়েছে সাংবাদিকতার ওপর, যা গণমাধ্যমের মধ্যে দলবাজিকে উসকে দিচ্ছে এবং সাংবাদিকদের বিপদের মধ্যে ঠেলে দিয়েছে।অনুষ্ঠানে প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল ইসলাম বুলবুল। প্রতিবেদনে দেখা যায়, পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো। গত বছর পাকিস্তানে ১৩ জন সাংবাদিক নিহত হন, ভারতে পাঁচজন। নেপাল ও আফগানিস্তানে দুজন করে।প্রতিবেদনে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি এবং যশোরের দৈনিক গ্রামের কাগজ-এর প্রতিনিধি জালালউদ্দিন হত্যা ঘটনার উল্লেখ আছে। এসব হত্যার অভিসন্ধি এখনো জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে ২৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যার সঙ্গে জড়িত তিনজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং মাত্র একজনকে শাস্তি দেওয়া হয়েছে।বিডিনিউজ২৪-এর কার্যালয়ে ঢুকে সাংবাদিকদের আক্রমণ, প্রথম আলোর তিনজন ফটোসাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন, প্রথম আলোর সম্পাদক ও একজন জ্যেষ্ঠ প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, পিরোজপুরের ১৮ জন সাংবাদিককে সাংসদ কর্তৃক হত্যার হুমকি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হাতে ছয়জন সাংবাদিকের লাঞ্ছনার ঘটনাসহ বেশ কিছু ঘটনার তারিখসহ উল্লেখ আছে প্রতিবেদনে।অনুষ্ঠানের সভাপতি ও সাউথ এশিয়া মিডিয়া কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান শেলী বলেন, পাকিস্তানে মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা, ভারতে দামিনি ধর্ষণ, বাংলাদেশে বিশ্বজিৎ হত্যা—এসব ঘটনায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বোঝা যায়, গণমাধ্যমের মধ্যে আত্মসমালোচনার বিষয়টি আছে এবং তা সম্প্রসারণশীল। গণমাধ্যম বা সাংবাদিকেরা নিজেরা নিজেদের শাসন করলে, সংশোধনের উদ্যোগ নিলে অন্যরা শাসন করার সুযোগ পাবে না। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানে মালিকের, গোষ্ঠীর বা সরকারের আধিপত্যের স্বাধীনতা নয়।সাউথ এশিয়া ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত সহায়তার জন্য প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।