গত বছর মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল
সুলতানা কামাল

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ২০১৫ সালে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গত বছরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মূল্যায়ন করেন।
সুলতানা কামাল দেশের মানবাধিকার পরিস্থিতিকে দুই ভাগ করে পর্যালোচনা তুলে ধরেন। একটি নাগরিক ও রাজনৈতিক অধিকার এবং অন্যটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার। তিনি বলেন, ২০১৫ সালে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি ইন ওয়ার্ল্ড-২০১৫’ শীর্ষক প্রতিবেদনে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরণের ক্ষেত্রে কৃষি ও খাদ্য নিরাপত্তা অর্জনে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে সফল বলে উল্লেখ করা হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।
তবে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি। যদিও ফরমালিন নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আইন, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, শ্রমবিধিমালা প্রণয়ন এবং মন্ত্রিসভায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অনুমোদন ছিল ইতিবাচক পদক্ষেপ।
সুলতানা কামাল বলেন, গত বছরগুলোর ধারাবাহিকতায় ২০১৫ সালেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া অব্যাহত ছিল। এ বছর তিনটি মামলার রায় কার্যকর করা হয়েছে। এ ছাড়া স্বাধীনতাসংগ্রামের ৪১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান ছিল সরকারের একটি প্রশংসিত সিদ্ধান্ত।
এসব সত্ত্বেও ২০১৫ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে সুলতানা কামাল তাঁর লিখিত পর্যালোচনায় বলেন, গত বছরের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের বর্ষপূতিকে কেন্দ্র করে বিএনপির মহাসমাবেশে সরকার বাধা দেয়। এরপর বিএনপি-জামায়াত জোটের লাগাতার দুই মাসেরও অধিক সময় দেশব্যাপী অবরোধ কর্মসূচি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা দমনের নামে শুরু হয় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী কর্তৃক অপহরণ, গুম, গুপ্তহত্যা, ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধ নামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।
পাশাপাশি ২০১৫ সালেও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, মন্দিরে প্রতিমা ভাঙচুর, খ্রিষ্টান ধর্মযাজকের ওপর হামলা ছিল উল্লেখযোগ্য। সুলতানা কামাল বলেন, ‘ধর্মীয় উগ্রপন্থার মাথাচাড়া দিয়ে ওঠার প্রবণতা ছিল আরেকটি উদ্বেগের বিষয়। মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বছরটির চরিত্রকে উদ্বেগজনক বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। একদিকে মুক্তমনা লেখক-প্রকাশকেরা হামলা ও নৃশংস হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, আইনি ও প্রশাসনিকভাবে ভিন্নমতকে রোধ করার চেষ্টাও বিভিন্ন সময় দেখা গেছে।