গত বছর শৈত্যপ্রবাহে ৮৮ ও আত্মহত্যায় ১৮৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর শৈত্যপ্রবাহে ৮৮ জন শিশু মারা যায় ও অসুস্থ হয়ে পড়ে দুই হাজার ২৮৯ জন। বিভিন্ন কারণে ১৮৩ জন শিশু আত্মহত্যা করে। বাবা-মায়ের পরকীয়ার কারণে খুন হয় ১০ জন শিশু। ছয়টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য দেয় সংস্থাটি। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছর এক কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৫৫৯ জন শিশু নির্যাতনের শিকার ও নানাভাবে অধিকারবঞ্চিত হয়। শিশুর হাতে অন্য আট শিশু খুন হয়, গুরুতর আহত হয় সাতজন। প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, ডেইলি স্টার ও নিউএজ-এর তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করে ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লা আল মামুন বলেন, শৈত্যপ্রবাহের কারণে এত শিশুর মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা তথ্য-উপাত্ত বিশ্লেষণ না করলে এভাবে জানার সুযোগ হতো না। বাবা-মায়ের পরকীয়ার কারণে শিশু নির্যাতনের এ দিকটিতেও নজর দেওয়া জরুরি।ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, দেশে শিশুবিষয়ক তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেই। জাতিসংঘ শিশু অধিকার কমিটি শিশু-পরিস্থিতি জানার জন্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করেছে। চলতি বছরের শেষে সরকার এ কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে। তখন প্রতিবেদনটি কাজে লাগবে। ‘বাংলাদেশের শিশু-পরিস্থিতি ২০১১: সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, গত বছর সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এক হাজার ৭৬৫ জন শিশু মারা যায়। আহত হয় ১৮ হাজার ৩৪ জন শিশু। সড়ক দুর্ঘটনার ৩৬২টি খবর প্রকাশিত হয়। ওই বছর পরিবারের সদস্যদের হাতে খুন হয় ৭৩ জন শিশু। শিশু গৃহশ্রমিক খুন হয় ২৩ জন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে খুন হয় দুই শিশু। বছরটিতে সব মিলে ৩৩৪ জন শিশু খুন হয়। ৩১২টি প্রকাশিত খবরই ছিল এ-সংক্রান্ত।চিকিৎসার অভাব ও ভুল চিকিৎসার কারণে ১১২ জন শিশু মারা যায়। ৯০টি প্রকাশিত খবর অনুযায়ী, চিকিৎসক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলায় ৩৫ জন শিশু মারা যায়।এছাড়া শিকার হয়ে ১৩ ও যৌন নির্যাতনের শিকার হয়ে চারজন মারা যায়। অন্যান্য নির্যাতনে ছয়জন এবং বিভিন্ন কারণে ১৮৩ জন শিশু আত্মহত্যা করে।