গত বছর ১৭০০ শিশুর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কারণে গত এক বছরে (২০১৩) মোট এক হাজার ৭০২ শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা, অপহরণ, আত্মহত্যা, নির্যাতন, খুন, ধর্ষণ এমনকি রাজনৈতিক সহিংসতা। এ ছাড়া বিভিন্ন কারণে আহত বা অসুস্থ হয়েছে এক হাজার ১০০ শিশু।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি-২০১৩-সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, সমকাল, ডেইলি স্টার এবং নিউ এজ পত্রিকায় প্রকাশিত শিশুবিষয়ক খবর থেকে মাসভিত্তিক তথ্য-উপাত্ত সংকলন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।
বেসরকারি সংগঠনটির হিসাবে ২০১৩ সালে ওই পত্রিকাগুলোতে শিশুবিষয়ক নেতিবাচক ঘটনার খবর প্রকাশিত হয়েছে দুই হাজার ৮৯৫টি। ইতিবাচক খবর প্রকাশিত হয়েছে তার অর্ধেকের কম, এক হাজার ২৮৬টি।
সংবাদ সম্মেলনে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এমজেএফের কর্মসূচি সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ২০১৩ সালে খুন হয়েছে ৩৩৫টি শিশু। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ২৬৬, পানিতে ডুবে ৫০২, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪১, রাজনৈতিক সহিংসতায় ৪১, ধর্ষণের ফলে ১২ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে ১৬৬ শিশু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪টি ক্ষেত্রে আক্রান্ত শিশু শেষ পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেও গুরুতর আহত হয়। এ রকম ১৯টি শিশু চিকিৎসাধীন।
তথ্য-উপাত্তের ভিত্তিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম জানান, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে শিশু অপহরণের সংখ্যা বেড়েছে। এ ছাড়া গত বছর শিশুদের রাজনৈতিক সহিংসতায় ব্যবহার করার মতো একটি নতুন বিষয় যুক্ত হয়। শাহীন আনাম একে শিশু অধিকারের বিবেচনায় উদ্বেগজনক বলে আখ্যায়িত করেন। তিনি অভিমত দেন শিশু অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন স্তরের কর্মকাণ্ডে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
শিশুবিষয়ক ইতিবাচক সংবাদের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান এমজেএফের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান শাহনাজ হুদা। তিনি বলেন, এসব ইতিবাচক সংবাদ মানসিকতা বদল করে শিশুদের প্রতি সহমর্মিতা বাড়াতে সাহায্য করবে।
২০১৩ সালে পাচার-অপহরণ-বাল্যবিবাহ থেকে উদ্ধার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুনর্মিলনী, শিক্ষার ক্ষেত্রে সাফল্য ইত্যাদি বিষয়ে মোট এক হাজার ২৮৬টি ইতিবাচক খবর প্রকাশিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মেয়েশিশুর প্রতি নির্যাতন কমেনি বলে উল্লেখ করেন এমজেএফের গভর্নিং বডির সদস্য পারভীন মাহমুদ। তিনি বলেন প্রথাগত ধারণার বশবর্তী হয়ে মেয়েশিশুদের ওপর ধর্ষণ, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ইত্যাদি অনাচার চালানো হয়। ছেলে-মেয়ে উভয় শিশুর প্রতি সমান সহমর্মিতাপূর্ণ মানসিকতা ধারণের জন্য সবার প্রতি আহ্বান জানান পারভীন মাহমুদ।