গত এক বছরে ২ হাজার ১৬২ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের দিয়েছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট। পাশাপাশি ২ হাজার ৯৪৯ জনের রক্তের গ্রুপ বিনা মূল্যে নির্ণয় করে দিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, গত বছর বিভিন্ন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৫০০, ঢাকা মহানগর মহিলা কলেজে ৩৮৪, পোগোজ স্কুলে ২৫৩, ঝিনাইদহে ৪৫০, মানিকগঞ্জে ভাষাশহীদ রফিক ইনস্টিটিউটে ১৮১, সদরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০৪, সমুদ্রবন্দর পায়রায় ১২০ জনকে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় বাঁধন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ইউনিট নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৯০৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়।
সাধারণ সভায় সাইফুল রহমানকে সভাপতি ও গোলাম রসুলকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ইউনিট বাঁধনের ১৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বাঁধন বিশ্ববিদ্যালয় ইউনিটের সাবেক সভাপতি মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, বাঁধন ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক খান মু. সাবিত বিন ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।