গত বছর ৪১৪ শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে ৪১৪টি শিশু খুন হয়েছে। খুনের চেষ্টা করা হয়েছে ৪৬টি শিশুকে। গতকাল রোববার মানুষের জন্য ফাউন্ডেশন ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি-২০১২, সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, শিশুদের নিয়ে সংবাদপত্রে গত বছর দুই শতাধিক ইতিবাচক খবর প্রকাশিত হয়েছে। বিপন্ন শিশুকে উদ্ধারে প্রশাসন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা ভূমিকা রেখেছে। শিশুরা তাদের প্রতি অনিয়মের ঘটনায় প্রতিবাদ করেছে অন্যান্য বছরের চেয়ে বেশি।বাংলাদেশ শিশু পরিস্থিতি-২০১২ প্রতিবেদনে ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, ২০১২ সালে খুনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে পারিবারিক কলহ, মুক্তিপণ, সন্ত্রাস, জমিজমা নিয়ে বিরোধ, শত্রুতা, ডাকাতি, প্রেমঘটিত কারণ ও বাবা-মায়ের পরকীয়া। এ ছাড়া বিএসএফের গুলিতে দুটি শিশু খুন হয়েছে। ২০১১ সালে খুন হয়েছিল ৩৩৪টি শিশু।মানুষের জন্য ফাউন্ডেশন আরও জানিয়েছে, যে ৪৬টি শিশুকে খুনের চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে ৪৪ জন গুরুতরভাবে আহত হয়। এ ছাড়া গত বছর মোট ১৪৬ জন শিশু আত্মহত্যা করে। পরীক্ষায় ফেল করা ছিল আত্মহত্যার অন্যতম কারণ। এ ছাড়া প্রেমজনিত কারণ, অভিমান, পারিবারিক কলহ, নিয়মিত যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হওয়ায় এবং অশ্লীল ভিডিও ছড়ানোর ভয়ে শিশুরা আত্মহত্যা করেছে। ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে, ২০১১ সালের তুলনায় গত বছর অপহরণের ঘটনা ছিল অনেক বেশি, সংখ্যায় প্রায় দেড় গুণ। গত বছর ২৬৫টি শিশুকে অপহরণ করা হয়, তাদের মধ্যে ১৫ জনকে অপহরণের পর হত্যা করা হয়। চাঁদা দাবি, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ, পরকীয়া, পাচার ইত্যাদি কারণে শিশুদের অপহরণের ঘটনা ঘটেছে। আবদুল্লাহ আল মামুন বলেন, সংখ্যাগত উপাত্তে শিশুদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল শিশুশ্রমসহ নানা উপায়ে শিশুর মৌলিক চাহিদা পূরণ না হওয়া। গত বছর প্রায় ৬০ লাখ শিশু এ ঝুঁকির মধ্যে ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সিএইচটিবিষয়ক পরিচালক শামীম ইমাম এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক শাহানা হুদা।