গত বছরের খাতা দেখার টাকা পাননি পরীক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা দেখা বাবদ টাকা এখনো পাননি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষকেরা। এতে করে পরীক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।কয়েকজন পরীক্ষক বলেছেন, এক বছর শেষে আরেকবার এইচএসসির খাতা দেখা শুরু হয়েছে। এ অবস্থায় আগেরবারের টাকা না পাওয়ায় তাঁরা হতাশ। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান জানান, গত বছর তিনি ৪০০ খাতা দেখেছেন। এ বছর ৬০০ খাতা দেখেছেন। অথচ গত বছরের টাকা এখনো পাননি। এ রকম অভিযোগ আরও অনেকের। পরীক্ষকেরা জানিয়েছেন, প্রতি খাতা দেখার জন্য একজন পরীক্ষককে ২৫ টাকা করে সম্মানী দেয় বোর্ড কর্তৃপক্ষ। সে হিসাবে একজন পরীক্ষক ৪০০ খাতা দেখলে ১০ হাজার টাকা পাওয়ার কথা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ প্রতিবছরই পরীক্ষকদের খাতা দেখা বাবদ টাকা দিতে দেরি করে।জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রক্রিয়ার কারণে কিছু দেরি হয়েছে। তবে এখন প্রক্রিয়া শেষ হয়েছে। পরীক্ষকেরা শিগগিরই টাকা পেয়ে যাবেন।