গত বছরের প্রশ্ন দিয়ে এ বছর পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চতুর্থ শ্রেণীর এ বছরের বার্ষিক পরীক্ষা গত বছরের (২০০৯) বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকেরা। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।জানা গেছে, ফুলপুর উপজেলার চাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্র ১১ ডিসেম্বর বাংলা বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে। তার বাবা ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া বোন প্রশ্নপত্রটি দেখে। মেয়েটি প্রশ্ন দেখে বিস্ময় প্রকাশ করে বলে, ‘এ প্রশ্ন দিয়ে তো আমরা গত বছর বার্ষিক পরীক্ষা দিয়েছি। এ বছর আবার সেই প্রশ্নপত্র কেন।’ পরে তার বাবা ২০০৯ সালের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে বিষয়টির সত্যতা পান। পরে তিনি ঘটনাটি ওই স্কুলের শিক্ষকদের জানান। শিক্ষক ও অভিভাবকেরা দেখতে পান, বাংলার মতো ইংরেজি, গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের সঙ্গে গতবারের প্রশ্নের প্রায় পুরোপুরি মিল রয়েছে। গত বছর ও এ বছরের চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে দেখা গেছে, বাংলা ও ইংরেজি বিষয়ে দুই বছরের প্রশ্নপত্রের মধ্যে হুবহু মিল রয়েছে। আর গণিত ও ইসলাম শিক্ষার প্রশ্নপত্রে সামান্য অমিল দেখা যায়। উদাহরণস্বরূপ: ২০০৯ সালের গণিত পরীক্ষার একের খ ও গ নম্বরের প্রশ্ন ছিল যথাক্রমে গ. সা. গুর পূর্ণরূপ ও ১৬-এর গুণনীয়কগুলো লিখ। ২০১০ সালের গণিত পরীক্ষার একের খ ও গ নম্বরের প্রশ্ন ছিল যথাক্রমে ল. সা. গুর পূর্ণরূপ ও ১৮-এর গুণনীয়কগুলো লিখ। এই দুটি প্রশ্ন ছাড়া ২০০৯ সালের প্রশ্নের সঙ্গে ২০১০ সালের গণিত প্রশ্নের হুবহু মিল রয়েছে। অভিভাবক শহীদুল ইসলাম জানান, গতবারের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে এ বছরের বার্ষিক পরীক্ষা নেওয়া মানে প্রশ্ন প্রণয়ন কমিটির উদাসীনতা ছাড়া কিছুই না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র প্রণয়ন কমিটির চরম গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সদস্যসচিব ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম রেজাউল করিম গতবারের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আর এবারের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পেয়ে বিস্ময় প্রকাশ করেন। কোথায় কী হয়েছে তা খতিয়ে দেখবেন বলে তিনি জানান। রেজাউল করিম বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় একাধিক প্রশ্ন না নিয়েই তিনি প্রশ্ন করেছেন। প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথ বলেন, ‘দুই বছরের প্রশ্নপত্র কখনোই এক রকম হওয়ার কথা নয়। আমরা এ ব্যাপারে ব্যাপক খোঁজখবর নেব।’