বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুসারে, দেশে গত মাসে ১৬টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারে নিহত হন।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো অধিকারের ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ১৬ জনের মধ্যে দুজনের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এবং ১১ জনের পুলিশের সঙ্গে
‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু হয়েছে। একজনকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। বাকি দুজন পুলিশ হেফাজতে মারা গেছেন।
অধিকার বলছে, নিহত ১৬ জনের মধ্যে একজন যুবলীগের কর্মী, দুজন শিবির কর্মী, একজন কথিত পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য, একজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য, একজন রাজমিস্ত্রি, একজন গাড়িচালক এবং নয়জন কথিত অপরাধী।
অধিকারের হিসাব অনুসারে এ নিয়ে চলতি বছরের প্রথম দুই মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ৫৫ জন মারা গেলেন। জানুয়ারি মাসে ৩৯ জন ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।
অধিকারের প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন নয়জন, আহত হয়েছেন এক হাজার ১৬৭ জন। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের পর দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ ছাড়া ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীদের ওপর যে নির্যাতন শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে।