গত শিক্ষাবর্ষেরই ক্লাস শুরু হয়নি এবার ফের ভর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল নেই। নেই বসার আসবাবও। গত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনো ক্লাস শুরু করা হয়নি। কিন্তু এর পরও এ বছর সাতটি অনুষদে শিক্ষার্থী ভর্তির আবেদন করা হয়েছে। রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির এমনই দৈন্যদশা।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, অধ্যক্ষের কক্ষে তাঁর বসার জন্য একটি টেবিল ও একটি চেয়ার রয়েছে। অন্য কক্ষেও আসবাব দেখা যায়নি। এ ছাড়া গত বছর ভর্তি হওয়া প্রথম ব্যাচের কোনো শিক্ষার্থীকেও দেখতে পাওয়া যায়নি।অন্যদিকে এ প্রতিষ্ঠান পরিচালনার জন্য একজন অধ্যক্ষ, দুজন প্রভাষক ও চারজন কর্মচারীকে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সিভিল সার্জন রেজাউল করীমকে। সিভিল সার্জনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।সরেজমিনে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পাওয়া যায়নি। শুধু চারজন কর্মচারী রুবেল আহমেদ, মোকছেদুল ইসলাম, সবুজ চন্দ্র মোহন্ত ও খাদেমুল বাসারকে দেখতে পাওয়া যায়। কিন্তু তাঁদেরও বসার কোনো আসবাব নেই। তাঁরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। প্রতিষ্ঠানে কোনো কাজ নেই বলে তাঁরা জানান।এই চারজনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেষণে যাওয়া অফিস সহকারী রুবেল আহমেদ বলেন, গত বছর ভর্তি হওয়া ৪৮ জন শিক্ষার্থীর ক্লাস এখনো শুরু করা সম্ভব হয়নি। এরপর এ বছর দ্বিতীয় ব্যাচের ৩২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। কিন্তু এখানে এখনো কোনো আসবাব সরবরাহ করা হয়নি।ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা সিভিল সার্জন রেজাউল করীম বলেন, এটি একটি পৃথক প্রতিষ্ঠান। এখনো লোকবল নিয়োগ করা হয়নি। তবে প্রেষণে লোকবল দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার কার্যক্রম শুরু করা হবে। খুব শিগগিরই আসবাব সরবরাহ করা হবে বলে তিনি জানান।