গত সাত বছরে চমৎকার সাফল্য এসেছে: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গঠনে গত সাত বছরে চমৎকার সাফল্য এসেছে। আরও ব্যাপক সাফল্য আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পেজে গতকাল রোববার এ কথা লিখেছেন।
জয় লিখেছেন, ‘আমরা ইতিমধ্যে সরকারের জন্য ই-টেন্ডারিং ও ই-ফাইলিং চালু করেছি। বিভিন্ন মন্ত্রণালয় ধীরে ধীরে তা গ্রহণ করছে।’ এ বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, ই-টেন্ডার চালুর ফলে অফিসে গিয়ে টেন্ডার জমা দেওয়ার প্রয়োজন হবে না। ফলে দুর্নীতি কমবে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে দরপত্র প্রক্রিয়া শেষ করা যাবে। এতে বিশেষ কেউ সুবিধা নিতে পারবে না।
প্রধানমন্ত্রীর ছেলে জয় লিখেছেন, প্রতারণা দূর করতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মনিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্সের মতো নাগরিকদের বিভিন্ন নিবন্ধন সংযুক্ত করা হবে। শুরুতেই এর সঙ্গে নিরাপত্তার বিষয়টি যুক্ত থাকবে। তিনি আরও লিখেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক কেব্ল নিয়ে যাওয়ার একটি প্রকল্প চালু আছে। সেই সময়ের মধ্যে লক্ষ্য হচ্ছে পাঁচ মেগাবাইট প্রতি সেকেন্ডের কানেকশন সব জায়গায় সহজলভ্য করা।
আওয়ামী লীগ সরকারের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে জয় লিখেছেন, আওয়ামী লীগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না।