গতকাল উচ্ছেদ হয় ৫৬টি বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত আবাসন কোম্পানির সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানে গতকাল মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ১০টি কোম্পানির ৫৬টি বিলবোর্ড উচ্ছেদ করেছে। অভিযান চালানো হয় রাজধানীর মিরপুর সড়কের সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে রাসেল স্কয়ার পর্যন্ত। হাইকোর্টের রায় বাস্তবায়নে প্রাথমিক কাজ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল ছিল অভিযানের চতুর্থ দিন।গতকালের অভিযানে শুধু তানশীর প্রপার্টিজের ‘তানশীর সানসিটি’ প্রকল্পেরই ৩৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। শক্ত ইস্পাতে তৈরি এসব মজবুত বিলবোর্ড ভাঙতে ওয়েল্ডিং কাটার মেশিন ব্যবহার করা হয়। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ছাদে টাঙানো ছিল আইপিএল রিয়েল এস্টেটের একটি বিলবোর্ড। সেটি ভেঙে দেওয়া হয়। ওই এলাকায় পুলিশ বক্সে বিডিডিএলের ও ফুটওভারব্রিজের ওপর টাঙানো বেকোন রিয়েল এস্টেটের বিলবোর্ডও ভাঙা হয়। ধানমন্ডি এলাকায় ভাঙা হয় পূর্বাচল পিংকসিটি ও পূর্বাচল নিউটাউন প্রকল্পের বিলবোর্ড। একই এলাকায় এবং রাসেল স্কয়ারে গ্রিন কনসেপ্টের ‘স্বপ্ন’ প্রকল্পের সাতটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ৩২ নম্বর সড়কের কাছে উচ্ছেদ হয় নাসিম সিটির একটি বিলবোর্ড।গতকালের অভিযানে রাজউকের উপনগর পরিকল্পনাবিদ মুর্শেদা বানুর নেতৃত্বে সহকারী নগর পরিকল্পনাবিদ আশরাফ আলী আকন্দ, অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ও ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া অংশ নেন।