গতকাল ছিল এমভি নাসরীন ডুবির ১৩তম বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদে ত্রুটিপূর্ণ নকশার লঞ্চ চলাচল বন্ধ করা, যাত্রার শুরুর আগেই সব যাত্রীর নাম-ঠিকানা নিবন্ধনসহ উপকূলবাসীর জন্য নিরাপদ নৌপথ বাস্তবায়ন দাবি করেছে উপকূলীয় ১১টি সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নের জন্য নৌপরিবহনমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে এসব সংগঠন।
২০০৩ সালের ৮ জুলাই ঢাকা থেকে লালমোহনগামী এমভি নাসরীন ডুবে বহু মানুষের প্রাণহানি ঘটে। এই উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনটি করা হয়। যৌথভাবে সংবাদ সম্মেলন আয়োজন করে অর্পণ, আকাশ, গ্রিন বেল্ট ট্রাস্ট, উদয়ন বাংলাদেশ, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, ডোক্যাপ, পালস-বাংলাদেশ, সমাজ, সিডিপি, নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট ও কোস্ট ট্রাস্ট।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমভি নাসরীন দুর্ঘটনার পর নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট পরিচালিত এক জরিপে দেখা যায়, ওই দুর্ঘটনায় শুধু ভোলা জেলারই ৪০২ জন নিহত বা নিখোঁজ হয়। ১২৮টি পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ ছিল না, কমপক্ষে ছয়টি শিশু অনাথ হয়। ২০০২ সাল থেকে বিভিন্ন ঈদের আগে-পরে এমভি সালাউদ্দিন, কোকো, পিনাক-৬ ডুবে অনেক যাত্রী মারা যায়। প্রতিটি দুর্ঘটনা পর্যালোচনা করে প্রায় একই ধরনের কারণ চিহ্নত করা হলেও সেগুলো অবসানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবারের ঈদে যেন এ রকম কোনো অবস্থা না হয়, সে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনে জোর দাবি জানানো হয়।
কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোটের সমন্বয়কারী মো. মজিবুল হক। বক্তব্য দেন নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক আমিনুর রসুল, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম এবং অর্পণের নির্বাহী পরিচালক আবদুল কাদের হাজারী।