গতকাল থেকে অবরুদ্ধ উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রোববার থেকে উপাচার্যকে তাঁর বাসবভনে অবরুদ্ধ করে রেখেছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রোববার থেকে উপাচার্যকে তাঁর বাসবভনে অবরুদ্ধ করে রেখেছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গতকাল রোববার থেকে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন। আজ সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ।

নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষার্থী জানান, অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। আজ দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ রয়েছেন।

গতকাল রাত আটটার দিকে আন্দোলনকারী ছাত্রীরা হলে চলে গেলেও বেশ কিছু ছাত্র রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। আজ সকালে ফের সমবেত হন শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির নেতারা শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছেন। তাঁরা শিক্ষার্থীদের তালা খুলে দিয়ে আন্দোলন চালিয়ে যেতে বলেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরবেন না বলে জানিয়েছেন।


এর আগে একই দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ মিছিল ও ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এই শিক্ষার্থীরা। গত ২১ মে একাডেমিক কাউন্সিলের সভায় সেমিস্টার ফি বহাল রাখার সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে ৯ জুন থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সেমিস্টার ফি না থাকলেও ২০১২-১৩ সেশন থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত এক হাজার ২০০ টাকা চাপিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া টিএসসি উন্নয়ন, ছাত্র সংসদ ও ইন্টারনেট ফি-ও কিছুটা বর্ধিত করা হয়েছে।

ফোন করা হলে উপাচার্য মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়াতে সেমিস্টার ফি ধার্য করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে অনেক বেশি সেমিস্টার ফি দিয়ে হয়, এটা শিক্ষার্থীদের বুঝতে হবে। এ ফি-র ব্যাপারে আমার একার কিছু করার নেই।’ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ওই শিক্ষার্থীরা আন্দোলন করে থাকতে পারেন বলে অভিযোগ করেন উপাচার্য।