গতকাল নতুন বই এসেছে ১৫৫টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনে আমার যত আনন্দ-কাইয়ুম চৌধুরী
জীবনে আমার যত আনন্দ-কাইয়ুম চৌধুরী

বয়সের ভারে ন্যুব্জ মনজুর রহমানের হাতে ব্যাগের একটি অংশ, বাকি অংশ তাঁর নাতনির হাতে। অমর একুশে গ্রন্থমেলায় তাঁরা গতকাল শনিবার একের পর এক স্টল ঘুরছিলেন। আলাপচারিতায় জানা গেল, ভদ্রলোক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এসব বই কিনেছেন গ্রামের পাঠাগারে পাঠাবেন বলে।
অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই বিপুলসংখ্যক বইপ্রেমী আসছেন, কেনাকাটাও করছেন বেশ। বেচাকেনা খুব ভালো হওয়ায় উৎফুল্ল প্রকাশকেরাও। অবশ্য নতুন বইয়ের বেশির ভাগই এখনো মেলায় আসেনি। উৎস প্রকাশনের মুস্তফা সেলিম জানান, বড় পরিসর কিংবা জ্যেষ্ঠ লেখকদের বই আনা শুরু করবেন ১০ ফেব্রুয়ারির পর।

বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ -শামসুজ্জামান খান
বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ -শামসুজ্জামান খান

প্রথমা প্রকাশন, সেবা প্রকাশনী, পাঞ্জেরি, অন্যপ্রকাশের স্টলের সামনে বরাবরের মতো ভিড় লেগেই ছিল। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা নেই বলেই হয়তো বেশি সংখ্যায় পাঠকেরা আসছেন মেলায়। দু-এক দিনের মধ্যে তাঁর প্রকাশনা সংস্থার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো মেলায় চলে আসবে বলেও জানান তিনি। অনুপম প্রকাশনী, আগামী প্রকাশনী, অ্যাডর্ন, ঐতিহ্য, শোভা প্রকাশ ইত্যাদি প্রকাশনা সংস্থার বিক্রেতাদের সঙ্গে কথা বলেও একই তথ্য পাওয়া গেছে।
চন্দ্রাবতী একাডেমির প্রধান নির্বাহী কামরুজ্জামান বলেন, ‘এবারের মেলার পরিসর নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমাদের চাহিদা মোতাবেক বিশাল পরিসর দেওয়া হয়েছে। কিন্তু পরিসর বাড়ানোর পাশাপাশি আলোর ব্যবস্থা অপ্রতুল। আরও আলো বাড়ালে ভালো হতো।’
নতুন বই প্রকাশের পাশাপাশি ঘটা করে প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচনের আয়োজন করছেন কোনো কোনো প্রকাশক। অন্বেষার আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ মন খারাপের গাড়ির প্রকাশনা উৎসব হয়েছে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে। এতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান, একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
শুক্রবারের মতো গতকালও ছিল শিশুপ্রহর। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশু-কিশোর পাঠকেরা অভিভাবকের হাত ধরে চলে আসে মেলা প্রাঙ্গণে। একাডেমির তথ্যমতে, মেলায় শনিবার পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা ২৮টি নতুন শিশুতোষ বই এনেছে। তবে প্রকাশনা সংস্থাগুলো থেকে জানা যায়, এর সংখ্যা পঞ্চাশের বেশি।
শিশু চত্বরে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে জনপ্রিয় কার্টুন সিরিয়াল সিসিমপুরের স্টল। বই কেনার পাশাপাশি শিশুদের বাড়তি আনন্দ দিতে যোগ ছিল ‘সিসিমপুর’-এর বিভিন্ন চরিত্রের সরব উপস্থিতি।

নির্মলেন্দু গ‌ুণের ষড়ঋতুর কবিতা -ঋতু​সমগ্র
নির্মলেন্দু গ‌ুণের ষড়ঋতুর কবিতা -ঋতু​সমগ্র

ফোকলোর কর্মসূচি, অতীত থেকে বর্তমান: গতকাল বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী: ফোকলোর কর্মসূচি, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশ নেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক অসীমানন্দ গঙ্গোপাধ্যায়, শাহিদা খাতুন, নন্দলাল শর্মা ও সাইফুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যাপক শামসুজ্জামান খান। অসীম সাহার পরিচালনায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘সহজিয়া’।
কাইয়ুম চৌধুরীর মানস চিত্র: প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর লেখা জীবনে আমার যত আনন্দ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মেলার উত্তর পাশে ২১৩ থেকে ২১৬ নম্বর স্টলটিতে ছিল নানা বয়সী পাঠকের ভিড়। নানা সময়ে নানা বিষয়ে তিনি লেখালেখি করেছেন প্রথম আলোতে। সেই লেখাগুলোর একটি নির্বাচিত সংকলন জীবনে আমার যত আনন্দ বইটি। তাঁর শিক্ষক, প্রিয় শিল্পী, বন্ধু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মেলা-উৎসব আর স্মৃতিচারণা—সব মিলিয়ে রচনাগুলোর মধ্যে ধরা পড়েছে কাইয়ুম চৌধুরীর একটা মানস চিত্র।

ভাষান্তরসমগ্র ভাষান্তরিত গল্প, প্রবন্ধ, সাক্ষাৎ​কার শাহাদুজ্জামান
ভাষান্তরসমগ্র ভাষান্তরিত গল্প, প্রবন্ধ, সাক্ষাৎ​কার শাহাদুজ্জামান

নতুন বই: একাডেমির তথ্যানুযায়ী, গতকাল মেলায় নতুন ১৫৫টি বই এসেছে। এই বইগুলোর পাশাপাশি মেলায় আসা নতুন বইয়ের তালিকায় আরও বেশ কিছু বই আছে। এর মধ্যে পাঠক সমাবেশ এনেছে শাহাদুজ্জামানের ভাষান্তর সমগ্র, সময় প্রকাশন এনেছে শামসুজ্জামান খানের বর্ধমান হাউসে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ, আনিসুল হকের লিফটে আটকে পড়া যুবক যুবতীরা, দন্ত্যস রওশনের একটি হলুদ নিমপাতা, আগামী এনেছে রশীদ হায়দারের আমার প্রেমের গল্প, চন্দ্রাবতী এনেছে সুজন বড়ুয়া সম্পাদিত ছবির কবি হাশেম খান, সেলিনা হোসেনের ভাষা সাহিত্য সংস্কৃতিকথা, অক্ষর প্রকাশনী এনেছে আহসান হাবীবের কেঁচো খুঁড়তে অ্যানোকোন্ডা, উৎস প্রকাশন এনেছে শান্তনু চৌধুরীর নারীসঙ্গ ইত্যাদি বই।
আজকের আয়োজন: আজ বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী: অনুবাদ কার্যক্রম, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।