গতকালও অনেক স্থানে যায়নি জাতীয় পত্রিকা
রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গাছ কেটে মহাসড়কে অবরোধ সৃষ্টি করায় গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো কোনো জাতীয় পত্রিকা পাননি নোয়াখালী ও লক্ষ্মীপুরের পাঠকেরা। উত্তরাঞ্চলের ১৫ জেলায় আঞ্চলিক ছাপাখানা থেকে প্রথম আলোর কোনো গাড়ি যেতে পারেনি। এদিকে বান্দরবান-সাতকানিয়া কেরানিহাট-চট্টগ্রাম সড়কে অবরোধ প্রত্যাহারের পরও যান চলাচল করেনি। এ জন্য সমগ্র দক্ষিণ চট্টগ্রামেও পত্রিকা যায়নি। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সড়কে গাছ ফেলে অবরোধের কারণে গতকালও নোয়াখালী ও লক্ষ্মীপুরে সংবাদপত্রবাহী কোনো গাড়ি ঢুকতে পারেনি। এ কারণে টানা দ্বিতীয় দিনের মতো এই দুটি জেলার পাঠকেরা জাতীয় পত্রিকা পড়া থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংবাদপত্র পরিবেশক, হকার ও পাঠকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ও বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়ক, নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক এবং কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক ও চাটখিল-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক বন্ধ করে রাখেন অবরোধকারীরা।
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার পত্রিকার পরিবেশক আমিনুল ইসলাম এবং নূরুল হক জানান, ভোরে বগুড়া থেকে প্রথম আলো ও করতোয়া বহনকারী গাড়ি রওনা হলেও ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গাড়ি আসতে পারেনি। বান্দরবান-সাতকানিয়া কেরানিহাট-চট্টগ্রাম সড়কে অবরোধ প্রত্যাহারের পরও যান চলাচল করেনি। জামায়াত-শিবির সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামে কোনো পত্রিকা আসেনি। বগুড়া শহর অবরুদ্ধ করে রাখায় উত্তরাঞ্চলের ১৫ জেলায়ও গতকাল আঞ্চলিক ছাপাখানা থেকে প্রথম আলোর পত্রিকা পরিবহনের কোনো গাড়ি যেতে পারেনি।