গতকালও দায়িত্ব নিতে পারেননি চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ সদর দপ্তর থেকে বদলির আদেশ পাওয়ার প্রায় দুই মাস পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিতে যান নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এম আনোয়ার উল ইসলাম। কিন্তু আগের চেয়ারম্যান কমোডর রিয়াজ উদ্দিন আহমদ দায়িত্বে থাকায় গতকালও তিনি দায়িত্ব বুঝে নিতে পারেননি। কমোডর আনোয়ার আগামী রোববার দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বন্দরের চেয়ারম্যান থাকবেন কমোডর রিয়াজ। গতকাল দায়িত্ব নিতে গিয়ে কমোডর রিয়াজের সঙ্গে তাঁর কক্ষে প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন কমোডর আনোয়ার। পরে তিনি বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এরপর আর তিনি বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে যাননি বলে জানা গেছে।বন্দর প্রশাসন সূত্র জানায়, গত ডিসেম্বর মাসে নৌ সদর দপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, ২ জানুয়ারি থেকে কমোডর আনোয়ার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বর্তমান চেয়ারম্যান রিয়াজকে নৌবাহিনীর খুলনা ডক ইয়ার্ডে বদলি করা হয়। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় কমোডর আনোয়ারকে সংযুক্তিপত্র (এনড্রসমেন্ট) দিচ্ছিল না। এ কারণে তিনি নৌবাহিনী থেকে অবমুক্ত হলেও বন্দর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারছিলেন না।নতুন চেয়ারম্যান কমোডর আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘২ জানুয়ারি আমার বন্দর চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার সরকারি আদেশ থাকলেও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংযুক্তিপত্র না পাওয়ায় যোগ দেওয়া সম্ভব হয়নি। গত ২৬ জানুয়ারি সেই সংযুক্তিপত্র পেয়েছি।’ কিন্তু সংযুক্তিপত্র পেলেও কমোডর আনোয়ার চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারছিলেন না। সরকারের উচ্চপর্যায় থেকে আগের চেয়ারম্যানকে দায়িত্ব পালন করে যেতে বলায় এই অবস্থার সৃষ্টি হয় বলে জানা গেছে। চেয়ারম্যান পদে এই অদল-বদলের সময় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্বে বেসরকারি সংস্থা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছিল। বন্দর পরিচালনায় আগ্রহী প্রতিষ্ঠানের প্রাক যোগ্যতা যাচাইসংক্রান্ত প্রথম দরপত্রে চারটি প্রতিষ্ঠানকে একবার যোগ্য বলে বিবেচনা করা হয়। এরপর আরও কিছু প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহণে যোগ্যের তালিকায় অন্তর্ভুক্ত করানোর জন্য দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করানো হয় কমোডর রিয়াজের সময়ে। তাঁকে দিয়েই এই প্রক্রিয়া চূড়ান্ত করানোর জন্য বদলির এক মাসেরও বেশি সময় বন্দরে রাখা হয় বলে জানা গেছে।কমোডর রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সরকারি চাকরি, সরকার যেখানে বলবে সেখানে দায়িত্ব পালন করব। তবে সরকারের একজন মন্ত্রী আমাকে আরও কিছু সময় বন্দরে থেকে এনসিটির জন্য প্রাকযোগ্যতা সম্পন্ন সংস্থাগুলোর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব দেন। সেই দায়িত্ব সম্পন্ন হওয়ায় আমি এখন চলে যাচ্ছি।’কমোডর রিয়াজ স্বীকার করেন, বন্দরে দায়িত্ব পালনকালে নানামুখী চাপ ছিল, কিন্তু তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি বলে দাবি করেন। বিদায়ী চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুই বছর সাত মাসের বন্দরের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় অবসর-উত্তর ছুটিতে থাকা বন্দর কর্তৃপক্ষের সদস্য হাদী হোসেন ও সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।